তিন মাসেও প্রশস্ত হয়নি ১০০ মিটার সড়ক,ভোগান্তিতে লোহাগাড়াবাসী

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের লোহাগাড়া উপজেলা সদর বটতলী স্টেশন এলাকায় প্রায় ১০০ মিটার সড়ক চার লেনে উন্নীত না হওয়ায় প্রতিদিন সৃষ্টি হচ্ছে যানজট।
চার লেনের মাঝখানে থাকা সংকীর্ণ এ অংশটি এখন ‘বোতলনেক’-এ পরিণত হয়েছে। এতে বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি, ব্যাহত হচ্ছে যান চলাচল।
স্থানীয় বাসিন্দা, ব্যবসায়ী ও পরিবহনসংশ্লিষ্টদের অভিযোগ, মহাসড়কের আশপাশের প্রায় সব অংশ প্রশস্ত করা হলেও গত তিন মাস ধরে ব্যস্ততম এ অংশটি অপ্রশস্ত রয়ে গেছে। বিশেষ করে ভারী যানবাহন ও স্থানীয় পরিবহন একসঙ্গে চলাচল করায় প্রায়ই দীর্ঘ যানজটের সৃষ্টি হচ্ছে। অথচ বটতলী স্টেশন ঘিরে রয়েছে বহুতল মার্কেট, অসংখ্য দোকানপাট ও ২৬টি তফসিলি ব্যাংক। গুরুত্বপূর্ণ এ স্থানে সড়ক প্রশস্তকরণ না হওয়ায় ক্ষোভ বাড়ছে স্থানীয়দের মধ্যে।
ব্যাংক এশিয়ার সামনে মহাসড়কের এ অংশটি কবে সংস্কার হবে, তা নিয়ে প্রশ্ন তুলেছেন এলাকাবাসী। তাঁদের দাবি, দ্রুত অবশিষ্ট সড়ক চার লেনে উন্নীত করা হোক।
এদিকে চট্টগ্রাম দক্ষিণ সড়ক ও জনপথ (সওজ) বিভাগের সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, অংশটি স্থায়ীভাবে বাদ দেওয়া হয়নি। প্রয়োজনীয় প্রশাসনিক ও কারিগরি প্রক্রিয়া শেষে পর্যায়ক্রমে অবশিষ্ট অংশের প্রশস্তকরণের কাজ সম্পন্ন করা হবে। তবে কাজ শুরুর নির্দিষ্ট সময়সীমা কিংবা বিলম্বের কারণ সম্পর্কে তাঁরা কিছু জানাননি।
সচেতন নাগরিকদের দাবি, প্রয়োজনীয় জটিলতা নিরসন করে দ্রুত অবশিষ্ট ১০০ মিটার সড়ক চার লেনে উন্নীত করা হোক। এতে যানজট ও দুর্ঘটনার ঝুঁকি কমার পাশাপাশি মহাসড়কে নিরাপদ ও নির্বিঘ্ন চলাচল নিশ্চিত হবে।
ভোরের আকাশ/ এনউব