বাগেরহাটে সিএসও প্রকল্পের সমাপনী সভা অনুষ্ঠিত

মানবাধিকার সুরক্ষা, জাতীয় সততা ও আইনের শাসন প্রতিষ্ঠায় সুশীল সমাজের সংগঠনগুলোর ঐক্য, সক্ষমতা ও স্থায়িত্ব জোরদারের আহ্বানের মধ্য দিয়ে বাগেরহাটে সুশিল প্রকল্পের সমাপনী সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় বক্তারা বলেন, দেশের টেকসই উন্নয়ন, গণতান্ত্রিক মূল্যবোধ প্রতিষ্ঠা এবং ইতিবাচক সামাজিক পরিবর্তনে সুশীল সমাজের পাশাপাশি তরুণদের সক্রিয় অংশগ্রহণ অত্যন্ত জরুরি।
মঙ্গলবার (১৭ নভেম্বর) দুপুরে বাগেরহাট জেলা পরিষদ অডিটোরিয়ামে এ সমাপনী সভা অনুষ্ঠিত হয়। সাপোর্টিং দ্য ইউনিটি অ্যান্ড সাসটেইনেবিলিটি অব সিভিল সোসাইটি অর্গানাইজেশন্স (সিএসওস) টু আপহোল্ড হিউম্যান রাইটস, ন্যাশনাল ইন্টিগ্রিটি অ্যান্ড রুলস অব ল ইন বাংলাদেশ’ শীর্ষক প্রকল্পের আওতায় এ সভার আয়োজন করা হয়।
সিএসও হাব বাগেরহাটের সভাপতি ও আস বাংলাদেশের নির্বাহী পরিচালক মো. কামরুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাগেরহাট জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক সন্তোষ কুমার নাথ। বিশেষ অতিথি ছিলেন মহিলা বিষয়ক অধিদপ্তর বাগেরহাটের উপপরিচালক মো. সাইফুল ইসলাম এবং যুব উন্নয়ন অধিদপ্তরের সহকারী পরিচালক এস এম মিজানুর রহমান।
অনুষ্ঠানে বক্তব্য দেন ইনিশিয়েটিভ ফর রাইট ভিউ (আইআরভি)-এর নির্বাহী পরিচালক মেরিনা পারভীন যূথী, সাংবাদিক মোল্লা আঃ রব, শাহ আলম ফরাজী, সাহিদা আক্তার, নার্গিস আক্তার লুনা ও ঝিমি মণ্ডলসহ অন্যরা। এ সময় সিএসও হাবের সদস্য এবং বাগেরহাটের বিভিন্ন শ্রেণি-পেশার সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, মানবাধিকার রক্ষা, জবাবদিহিমূলক সমাজ প্রতিষ্ঠা এবং আইনের শাসন নিশ্চিত করতে নাগরিক সমাজের সংগঠনগুলোর সম্মিলিত ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এসব সংগঠনের মধ্যে পারস্পরিক সহযোগিতা, সমন্বয় ও সাংগঠনিক সক্ষমতা বাড়াতে হবে। বিশেষ করে তরুণ প্রজন্মকে মানবাধিকার, জাতীয় সততা ও সামাজিক দায়বদ্ধতা সম্পর্কে সচেতন করে গড়ে তুলতে হবে। দেশের উন্নয়ন ও ইতিবাচক সামাজিক পরিবর্তনে তরুণদের সম্পৃক্ততা সময়ের দাবি।
তারা আরও বলেন, সুশীল সমাজের সংগঠনগুলোর ঐক্য, সক্ষমতা ও স্থায়িত্ব নিশ্চিত করা গেলে তৃণমূল পর্যায়ে মানবাধিকার প্রতিষ্ঠা এবং সুশাসন জোরদারে কার্যকর ভূমিকা রাখা সম্ভব হবে। এ ক্ষেত্রে প্রকল্পের অভিজ্ঞতা ও অর্জন ভবিষ্যতেও অব্যাহত রাখার ওপর গুরুত্বারোপ করেন বক্তারা।
উরোপীয় ইউনিয়নের সহায়তায় ব্র্যাকের সেন্টার ফর পিস অ্যান্ড জাস্টিস, ইনিশিয়েটিভ ফর রাইট ভিউ (আইআরভি) ও অ্যাকশনএইডের সংশ্লিষ্ট উদ্যোগে প্রকল্পটি বাস্তবায়িত।
ভোরের আকাশ/সু.পা