খাগড়াছড়িতে বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের ক্রীড়া উৎসব ও পুরস্কার বিতরণ

প্রতিটি শিশুর মধ্যেই রয়েছে কোনো না কোনো প্রতিভা। প্রয়োজন শুধু সেই প্রতিভা বিকাশের উপযুক্ত পরিবেশ, উৎসাহ ও সহযোগিতা। শারীরিক কিংবা মানসিক প্রতিবন্ধকতা যেন কোনো শিশুর স্বপ্ন ও সম্ভাবনার পথে বাধা হয়ে না দাঁড়ায়—এমন প্রত্যয় নিয়ে খাগড়াছড়িতে অনুষ্ঠিত হয়েছে বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের ক্রীড়া উৎসব ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান।
মঙ্গলবার (১৭ নভেম্বর) সকাল ১১টায় খাগড়াছড়ি সদরের শালবন এলাকায় কালেক্টরেট প্রতিবন্ধী বিদ্যালয় প্রাঙ্গণে জেলা ক্রীড়া অফিসের আয়োজনে এ ক্রীড়া উৎসব অনুষ্ঠিত হয়।
ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচি ২০২৬-২৭-এর আওতায় আয়োজিত অনুষ্ঠানে জেলা ক্রীড়া অফিসার হারুন অর রশিদের সার্বিক ব্যবস্থাপনায় জেলা ক্রীড়া সংস্থার এডহক কমিটির সদস্য সচিব মো. নজরুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সদস্য ও জেলা ক্রীড়া ও যুব উন্নয়ন অধিদপ্তরের আহ্বায়ক কুহেলী দেওয়ান।
অনুষ্ঠানে বক্তারা বলেন, বিশেষ চাহিদাসম্পন্ন শিশুরা সমাজের বোঝা নয়, বরং তারাও সমাজের গুরুত্বপূর্ণ অংশ। তাদের মধ্যেও রয়েছে অসাধারণ প্রতিভা, সৃজনশীলতা ও সম্ভাবনা। প্রয়োজন শুধু যথাযথ পরিচর্যা, সুযোগ এবং ইতিবাচক দৃষ্টিভঙ্গি। তাই এসব শিশুর প্রতি পরিবারের বাড়তি যত্ন, ভালোবাসা ও সহমর্মিতার পাশাপাশি সমাজের প্রত্যেকের দায়িত্বশীল ভূমিকা পালন করা জরুরি।
তারা বলেন, খেলাধুলা শুধু শারীরিক সুস্থতা কিংবা বিনোদনের মাধ্যম নয়; এটি আত্মবিশ্বাস তৈরি, মানসিক বিকাশ, শৃঙ্খলাবোধ, নেতৃত্বের গুণাবলি এবং সামাজিক সম্পৃক্ততা বাড়ানোর অন্যতম কার্যকর মাধ্যম। বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের উপযোগী খেলাধুলার পরিবেশ ও প্রশিক্ষণের সুযোগ নিশ্চিত করা গেলে তারাও নিজেদের যোগ্যতা ও দক্ষতার স্বাক্ষর রাখতে পারবে।
বক্তারা আরও বলেন, দেশের ক্রীড়াঙ্গনকে সত্যিকার অর্থে অন্তর্ভুক্তিমূলক করতে হলে বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের খেলাধুলায় অংশগ্রহণের সুযোগ বাড়াতে হবে। স্থানীয় পর্যায় থেকে প্রতিভাবান খেলোয়াড়দের খুঁজে বের করে নিয়মিত প্রশিক্ষণ, প্রয়োজনীয় ক্রীড়া সরঞ্জাম, উপযোগী অবকাঠামো ও প্রতিযোগিতায় অংশগ্রহণের সুযোগ নিশ্চিত করা প্রয়োজন। সুযোগ পেলে তারাও জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে নিজেদের প্রতিভা তুলে ধরতে সক্ষম হবে।
শিশুদের শারীরিক সীমাবদ্ধতার চেয়ে তাদের সক্ষমতা, আগ্রহ ও অর্জনকে গুরুত্ব দেওয়ার আহ্বান জানিয়ে বক্তারা বলেন, কাউকে অবহেলা কিংবা করুণার চোখে নয়, বরং সম্মান, মর্যাদা ও সমান সুযোগের ভিত্তিতে মূল্যায়ন করতে হবে। একটি শিশুর আত্মবিশ্বাস গড়ে তুলতে পরিবারের পাশাপাশি শিক্ষাপ্রতিষ্ঠান, ক্রীড়া সংগঠন ও সমাজের সম্মিলিত সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
এ ধরনের ক্রীড়া আয়োজন বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের মধ্যে আনন্দ, উৎসাহ ও প্রতিযোগিতার মনোভাব তৈরির পাশাপাশি তাদের সামাজিক অন্তর্ভুক্তি নিশ্চিত করার পথকে আরও সুগম করবে বলে সংশ্লিষ্টরা মনে করেন।
অনুষ্ঠানের শেষপর্বে ক্রীড়া উৎসবে অংশগ্রহণকারী ও বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।
ভোরের আকাশ/ এনউব