গাইবান্ধায় চিংড়ি মাছে জেল মিশিয়ে বিক্রি, দুই মাছ বিক্রেতাকে জরিমানা

গাইবান্ধার গোবিন্দগঞ্জে চিংড়ি মাছের ওজন বাড়াতে জেলজাতীয় পদার্থ মিশিয়ে বিক্রির অভিযোগে দুই মাছ বিক্রেতাকে ৬০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) বিকেলে গোবিন্দগঞ্জ শহরের মৎস্যবাজারে এ অভিযান পরিচালনা করে উপজেলা মৎস্য অফিস। অভিযান পরিচালনা করেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মিজানুর রহমান।
অভিযানকালে চিংড়ি মাছের ওজন বাড়ানোর উদ্দেশ্যে জেলজাতীয় পদার্থ মেশানোর প্রমাণ পাওয়ায় দুই মাছ বিক্রেতাকে আটক করা হয়। পরে তাদের উপজেলা মৎস্য অফিসে নেওয়া হয়।
খবর পেয়ে সেখানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তামশীদ ইরাম খান।
আদালতে অভিযোগ প্রমাণিত হওয়ায় দুই বিক্রেতাকে ৩০ হাজার টাকা করে মোট ৬০ হাজার টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে জরিমানার অর্থ পরিশোধে ব্যর্থ হলে প্রত্যেককে ১৫ দিনের কারাদণ্ড ভোগ করতে হবে বলে আদেশ দেওয়া হয়।
জরিমানাপ্রাপ্তরা হলেন, গোবিন্দগঞ্জ উপজেলার মহিমাগঞ্জ ইউনিয়নের পুনতাইর পাছপাড়া গ্রামের আকবর ব্যাপারীর ছেলে খয়বর ইসলাম এবং রাখালবুরুজ ইউনিয়নের চাঁদপাড়া সিঙ্গা গ্রামের নীলা শেখের ছেলে শফিকুল ইসলাম। পরে দুই বিক্রেতাই জরিমানার অর্থ পরিশোধ করায় তাদের কারাদণ্ড ভোগ করতে হয়নি।
এ বিষয়ে গোবিন্দগঞ্জ সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মিজানুর রহমান বলেন, 'ভেজাল ও অনিরাপদ খাদ্য বিক্রি বন্ধ এবং ভোক্তাদের নিরাপদ খাদ্য নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।'
ভোরের আকাশ/আ.র