দিরাইয়ে কলেজ ছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার

সুনামগঞ্জের দিরাইয়ে তন্নি দাস (১৯) নামের এক কলেজছাত্রী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে বলে জানিয়েছেন পরিবারের লোকেরা।
মঙ্গলবার (১০ নভেম্বর) সন্ধ্যা ৬টার দিকে দিরাই উপজেলার করিমপুর ইউনিয়নের চান্দপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত কলেজছাত্রী চান্দপুর গ্রামের সজল দাসের মেয়ে।
সজল দাস জানান, তন্নি দাস সন্ধ্যায় ঠাকুরের পূজো দেন। এর কিছু পর বসত ঘরের দরজা বন্ধ দেখতে পেয়ে তন্নির মা দরজা খুলতে ডাকাডাকি করেন। সাড়াশব্দ না পেয়ে জানালা দিয়ে ঘরের ভিতরে তাকিয়ে দেখেন রশি দিয়ে ঘরের তীরের সঙ্গে গলায় ফাঁস দেয়া ঝুলন্ত তন্নি দাসকে দেখতে পেয়ে চিৎকার দেন।
প্রতিবেশীরা এসে তন্নি দাসকে উদ্ধার করে দিরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।
দিরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. নাজিয়া মানালুল ইসলাম জানিয়েছেন- হাসপাতালে আনার আগেই তন্নি দাসের মৃত্যু হয়েছে। দিরাই থানার অফিসার ইনচার্জ (ওসি) আমিনুল ইসলাম বলেন, লাশের সুরতহাল প্রতিবেদন প্রস্তুতি শেষে ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হবে। ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।
ভোরের আকাশ/রই