সুন্দরবনের কুখ্যাত ডাকাত জোনাব বাহিনীর প্রধান জোনাব আলী গ্রেফতার

সুন্দরবনের কুখ্যাত ডাকাত বাহিনী ‘জোনাব বাহিনীর প্রধান জোনাব আলীকে গ্রেফতার করেছে এসআরবি-৬ স্পেশাল কোম্পানির আভিযানিক দল। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে খুলনা মহানগরীর হরিণটানা থানার কৈয়া বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
শুক্রবার (৬ নভেম্বর) রাত ১১টার দিকে এ অভিযান পরিচালনা করা হয়। গ্রেফতার জোনাব আলী সাতক্ষীরার শ্যামনগর উপজেলার পদ্মপুকুর গ্রামের মৃত কেরামত আলীর ছেলে।
এসআরবি-৬ স্পেশাল কোম্পানির পাঠানো এক প্রেসনোটে জানানো হয়, নিয়মিত মামলার আসামি, বিভিন্ন মেয়াদে সাজাপ্রাপ্ত ও ওয়ারেন্টভুক্ত আসামিদের গ্রেফতার, অস্ত্রধারী সন্ত্রাসী ও মাদক কারবারিদের আইনের আওতায় আনার পাশাপাশি চাঞ্চল্যকর হত্যা ও ধর্ষণের ঘটনায় জড়িত অপরাধীদের গ্রেফতারে এসআরবি ফোর্সেস নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে।
এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে খুলনা মহানগরীর হরিণটানা থানার কৈয়া বাজার এলাকায় বিশেষ অভিযান চালিয়ে সুন্দরবনের কুখ্যাত ডাকাত জোনাব বাহিনীর প্রধান জোনাব আলীকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে সুন্দরবনে জেলে বাওয়ালীদের উপর নির্মম নির্যাতন, মুক্তিপণ আদায় সহ নানা অভিযোগ রয়েছে।
গ্রেফতারের পর তার বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে হরিণটানা থানায় হস্তান্তর করা হয়েছে বলে প্রেসনোটে উল্লেখ করা।
ভোরের আকাশ/ইউএম