জাতীয় ঐক্য ও গণতন্ত্র রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে: এমপি মানিক

জাতীয় ঐক্য, গণতন্ত্র ও মানুষের অধিকার রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন চাঁদপুর-৩ (সদর-হাইমচর) আসনের সংসদ সদস্য শেখ ফরিদ আহম্মেদ মানিক।
তিনি বলেছেন, একটি গণতান্ত্রিক, বৈষম্যহীন ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে হলে প্রত্যেককে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। রাজনৈতিক মতপার্থক্য থাকতেই পারে, কিন্তু জাতীয় স্বার্থ ও দেশের উন্নয়নের প্রশ্নে আমাদের মধ্যে ঐক্য থাকা জরুরি।
শনিবার (৭ নভেম্বর) সকাল ৯টায় চাঁদপুর জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এমপি শেখ ফরিদ আহম্মেদ মানিক বলেন, ৭ নভেম্বর বাংলাদেশের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ ও তাৎপর্যপূর্ণ দিন। এ দিনটি জাতীয় জীবনে ঐক্য, সংহতি, দেশপ্রেম এবং স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষার চেতনাকে নতুন করে স্মরণ করিয়ে দেয়। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। তার দেশপ্রেম, সাহসিকতা ও জাতীয় ঐক্যের দর্শন আমাদের জন্য অনুপ্রেরণার উৎস।
তিনি আরও বলেন, ৭ নভেম্বরের ঐতিহাসিক ঘটনাপ্রবাহ থেকে আমাদের শিক্ষা নিতে হবে। দেশের স্বাধীনতা, গণতন্ত্র ও মানুষের অধিকার রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। প্রশাসন, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ ও সাধারণ জনগণের সম্মিলিত প্রচেষ্টায় চাঁদপুরসহ পুরো দেশকে এগিয়ে নিতে হবে। পাশাপাশি নতুন প্রজন্মের কাছে মহান মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস এবং ৭ নভেম্বরের ঐতিহাসিক তাৎপর্য তুলে ধরতে হবে।
তিনি বলেন, দেশের মানুষের প্রত্যাশা পূরণ, আইনের শাসন প্রতিষ্ঠা এবং গণতান্ত্রিক মূল্যবোধ সমুন্নত রাখতে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। জাতীয় ঐক্য ও পারস্পরিক শ্রদ্ধাবোধের মাধ্যমে একটি শান্তিপূর্ণ ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলাই হোক সবার অঙ্গীকার।
জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে মুখ্য আলোচক হিসেবে বক্তব্য দেন চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এম. আতিকুর রহমান।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) একরামুল ছিদ্দিকের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন পুলিশ সুপার মো. মিজানুর রহমান, জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট সলিম উল্যা সেলিম, সিভিল সার্জন ডা. মোহাম্মদ নুর আলম দীন, চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি সোহেল রুশদী, বীর মুক্তিযোদ্ধা আব্দুল হামিদ মাস্টার, বীর মুক্তিযোদ্ধা মজিবুর রহমান ও চাঁদপুর জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক ফয়সাল আহমেদ বাহার প্রমুখ।
এ সময় উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম এন জামিউল হিকমা, জেলা বিএনপির সহ-সভাপতি খলিলুর রহমান গাজী, বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম চিশতিসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি ও সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ।
ভোরের আকাশ/ইউএম