নীলফামারীতে শিশু শ্রম রোধে বাইসাইকেল র্যালি

শিশু শ্রম ও বাল্যবিবাহ প্রতিরোধ এবং ঝরে পড়া শিশুদের বিদ্যালয়মুখী করতে নীলফামারীতে সচেতনতামূলক বাইসাইকেল র্যালি অনুষ্ঠিত হয়েছে। অ্যাসোসিয়েশন ফর অল্টারনেটিভ ডেভেলপমেন্ট (এএফডি) বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) এ কর্মসূচির আয়োজন করে।
সকালে জেলা প্রশাসকের কার্যালয় থেকে র্যালিটি বের হয়। বেলুন উড়িয়ে র্যালির উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান। এ সময় বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (নীলফামারী সার্কেল) ফারুক আহমেদ।
র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে শহীদ মিনারে গিয়ে শেষ হয়। এতে পাঁচটি শিক্ষাপ্রতিষ্ঠানের ৫০ জন শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধি অংশ নেন।
উদ্বোধনী অনুষ্ঠানে এএফডির নির্বাহী প্রধান সাইদা ইয়াসমিন বলেন, যে বয়সে শিশুদের বিদ্যালয়ে থাকার কথা, সে বয়সে অনেকেই শ্রমে যুক্ত হচ্ছে কিংবা বাল্যবিবাহের শিকার হচ্ছে। শিশু শ্রম ও বাল্যবিবাহ বন্ধের পাশাপাশি ঝরে পড়া শিশুদের বিদ্যালয়ে ফিরিয়ে আনতে জনসচেতনতা বাড়ানো জরুরি। র্যালির মাধ্যমে সেই বার্তাই মানুষের কাছে পৌঁছে দেওয়া হচ্ছে।
জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান বলেন, এ ধরনের উদ্যোগের মাধ্যমে শিশু শ্রম ও বাল্যবিবাহের ক্ষতিকর দিক সম্পর্কে মানুষের মধ্যে সচেতনতা বাড়বে। পাশাপাশি শিশুদের বিদ্যালয়মুখী করার ক্ষেত্রেও ইতিবাচক ভূমিকা রাখবে এ কর্মসূচি।
এএফডির প্রকল্প সমন্বয়কারী কাজল রায় জানান, সেভ দ্য চিলড্রেন ও নেদারল্যান্ডস সরকারের আর্থিক সহযোগিতায় নীলফামারী ও কুড়িগ্রামে বাল্যবিবাহ ও শিশু শ্রম হ্রাসে কার্যক্রম চলছে।
ভোরের আকাশ/সু.পা