সাপাহারে শ্রমিক ইউনিয়নের নতুন কমিটি

নওগাঁর সাপাহার উপজেলা ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের পাঁচটি পদে ভোট অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতি পদে তাইফুর রহমান ও সাধারণ সম্পাদক পদে সাদিকুল ইসলাম নির্বাচিত হয়েছেন।
গতকাল শুক্রবার বেলা ১১টায় কমিটি গঠন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সংগঠনের আহ্বায়ক মিজানুর রহমান চৌধুরীর সভাপতিত্বে সভায় উপস্থিত সদস্যদের সিদ্ধান্তে তাৎক্ষণিক ভোটগ্রহণ করা হয়।
সভাপতি পদে তিনজন, সাধারণ সম্পাদক পদে দুজন, সাংগঠনিক সম্পাদক পদে দুজন ও কোষাধ্যক্ষ পদে দুজন প্রতিদ্বন্দ্বিতা করেন। সহ-সভাপতি পদে কোনো প্রতিদ্বন্দ্বী না থাকায় মজিবর রহমান বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।
ভোট শেষে সভাপতি তাইফুর রহমান ৬১ ভোট পেয়ে নির্বাচিত হন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী খাইরুল ইসলাম পান ১৪ ভোট। এছাড়া সাধারণ সম্পাদক সাদিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আমানুল্লাহ (আমান) ও কোষাধ্যক্ষ নুর আমিন নির্বাচিত হয়েছেন । এ সময় সংগঠনের নেতৃবৃন্দ ও সদস্যরা উপস্থিত ছিলেন।