মুজিবনগরে ‘চোরা খোকন’ গ্রেপ্তার

ভোলার চরফ্যাশন উপজেলার বিচ্ছিন্ন দ্বীপ ইউনিয়ন মুজিবনগরে কথিত ‘খোকন বাহিনীর’ আতঙ্কে দীর্ঘদিন ধরে ভীতসন্ত্রস্ত ছিলেন সাধারণ কৃষক ও এলাকাবাসী। ধান লুট, চুরি, জমি দখল ও অস্ত্রের ভয় দেখিয়ে সাধারণ মানুষকে হয়রানিসহ নানা অভিযোগে অভিযুক্ত খোকন গ্রেপ্তার হওয়ায় এলাকায় স্বস্তি ফিরতে শুরু করেছে।
দুলারহাট থানা পুলিশ দুলারহাট বাজার থেকে ধান লুটের একটি মামলায় মঙ্গলবার (১৭ নভেম্বর) খোকনকে গ্রেপ্তার করে। পরে তাকে জেলহাজতে পাঠানো হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মুজিবনগরের বাসিন্দা হারিস বেপারী বাদী হয়ে খোকনসহ পাঁচজনের বিরুদ্ধে কৃষকের ধান লুটের অভিযোগে মামলা করেন। ওই মামলায় খোকনকে গ্রেপ্তার করা হয়।
দুলারহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইয়াছিন আলম চৌধুরী বলেন, খোকন এলাকায় ‘চোরা খোকন’ নামে পরিচিত। তার অত্যাচারে মুজিবনগরের মানুষ অতিষ্ঠ। আজ তাকে অন্যের জমি থেকে ধানলুটের একটি মামলায় গ্রেপ্তার করে জেলহাজতে পাঠানো হয়েছে। এছাড়াও তার বিরুদ্ধে চুরি, অন্যের জমি দখলসহ আরও একাধিক মামলা রয়েছে।
স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে খোকন বাহিনীর ভয়ে স্বাভাবিক জীবনযাপন করতে পারছিলেন না দ্বীপের সাধারণ মানুষ। বিশেষ করে কৃষকদের মধ্যে ছিল চরম নিরাপত্তাহীনতা। জমিতে ফসল ফলানো থেকে শুরু করে ঘরে ধান তোলা পর্যন্ত নানা ধরনের বাধা ও আতঙ্কের মুখে পড়তে হতো তাঁদের। বিভিন্ন সময় কৃষকের উৎপাদিত ধান লুট, জমি দখল এবং অস্ত্রের ভয় দেখিয়ে সাধারণ মানুষের সর্বস্ব কেড়ে নেওয়ার অভিযোগও রয়েছে এই বাহিনীর বিরুদ্ধে।
এলাকাবাসীর আরও অভিযোগ, জনতা বাজারসহ বিভিন্ন বাজারে অস্ত্রের মহড়া দিয়ে ভয়ভীতি ছড়িয়ে এলাকায় প্রভাব বিস্তার করে আসছিল খোকন ও তার সহযোগীরা। এতে দীর্ঘদিন ধরে আতঙ্কের মধ্যে দিন কাটাতে হয়েছে স্থানীয়দের।
খোকনের গ্রেপ্তারের খবর ছড়িয়ে পড়ার পর মুজিবনগরের কৃষক ও সাধারণ মানুষের মধ্যে স্বস্তি দেখা দিয়েছে। এলাকাবাসীর প্রত্যাশা, শুধু খোকন নয়, তার সঙ্গে জড়িত অন্য সদস্যদেরও দ্রুত আইনের আওতায় আনা হবে।
একই সঙ্গে দীর্ঘদিনের সন্ত্রাস, দখলদারত্ব ও আতঙ্কের অবসান ঘটিয়ে বিচ্ছিন্ন দ্বীপ মুজিবনগরে শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করা হবে। স্থানীয় কৃষকদের দাবি, এবার অন্তত নির্বিঘ্নে মাঠের ফসল ঘরে তুলতে চান তাঁরা।
ভোরের আকাশ/সু.পা