আওয়ামী লীগ আমলের মামলায় ২৭ দিন পর জামিনে মুক্ত রিয়াজ মাতুব্বর

আওয়ামী লীগ সরকারের আমলে দায়ের করা একটি মামলায় গ্রেপ্তার হয়ে ২৭ দিন কারাভোগের পর জামিনে মুক্তি পেয়েছেন পিরোজপুর সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. রিয়াজ মাতুব্বর।
রোববার (১৪ জুন) সন্ধ্যায় কারাগার থেকে মুক্তি পেয়ে তিনি দলীয় নেতাকর্মী ও পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করেন।
রিয়াজ মাতুব্বর জানান, ২০১৩ সালে আওয়ামী লীগ সরকারের সময় দায়ের করা একটি মামলায় গ্রেপ্তারি পরোয়ানার ভিত্তিতে গত ১৪ মে গভীর রাতে পুলিশ তাকে নিজ বাড়ি থেকে আটক করে। পরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।
তিনি দাবি করেন, ২০১৩ সালে শংকরপাশা ওয়ার্ড আওয়ামী লীগের তৎকালীন সহ-সভাপতি পান্না আকন ছাত্রদলের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত থাকার অভিযোগ এনে তার বিরুদ্ধে একটি মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত মামলা করেন। দীর্ঘদিন পর ওই মামলার পরোয়ানা কার্যকর করে তাকে গ্রেপ্তার করা হয়েছে।
রিয়াজ মাতুব্বর বলেন, “আওয়ামী লীগ সরকারের সময়ও আমাকে একাধিকবার গ্রেপ্তার করা হয়েছে। এবারও একটি পুরোনো মামলায় গ্রেপ্তার হয়ে ২৭ দিন কারাভোগের পর জামিনে মুক্তি পেলাম।”
এদিকে তার স্ত্রী শাম্মী আক্তার রশ্নি বলেন, “গত ১৭ বছর আওয়ামী লীগ সরকারের সময় আমরা অনেক ঈদ কষ্টের মধ্যে কাটিয়েছি। এবারও আমার স্বামীকে কারাগারে থেকে ঈদ কাটাতে হয়েছে।”
উল্লেখ্য, মো. রিয়াজ মাতুব্বর পিরোজপুর সরকারি সোহরাওয়ার্দী কলেজ ছাত্রদলের সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক এবং পিরোজপুর সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক ছিলেন। বর্তমানে তিনি পিরোজপুর সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়কের দায়িত্ব পালন করছেন।