দিনাজপুরের গোর-এ শহীদ ময়দানে ঈদুল আজহার প্রধান জামাত সম্পন্ন

দক্ষিণ এশিয়ার অন্যতম বৃহৎ ঈদগাহ হিসেবে পরিচিত দিনাজপুরের ঐতিহাসিক গোর-এ শহীদ ময়দানে পবিত্র ঈদুল আজহার প্রধান জামাত অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৮ মে) সকাল সাড়ে ৮টায় কঠোর নিরাপত্তা বলয়ের মধ্য দিয়ে এ জামাত সম্পন্ন হয়।
দিনাজপুরসহ দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা লক্ষাধিক মুসল্লি জামাতে অংশ নেন। নামাজ আদায়ের উদ্দেশ্যে সকাল ৬টা থেকেই মুসল্লিরা মাঠ প্রাঙ্গণে সমবেত হতে থাকেন। নির্ধারিত সময় সকাল সাড়ে ৮টায় ঈদের নামাজ শুরু হয়। জামাতে ইমামতি করেন জেলা ইমাম সমিতির সভাপতি আলহাজ মাওলানা মতিউর রহমান কাসেমী।
নামাজ শেষে মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। নিরাপত্তা ও সুশৃঙ্খল পরিবেশ নিশ্চিত করতে জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন এবং দিনাজপুর পৌরসভা যৌথভাবে ব্যাপক প্রস্তুতি নেয়। মুসল্লিদের সুবিধার্থে ওযু, যানবাহন পার্কিং, মেডিকেল টিম ও সুপেয় পানির ব্যবস্থা করা হয়।
পুরো ময়দানে অর্ধশতাধিক মাইক, ১০টি প্রবেশদ্বার এবং সার্বক্ষণিক নজরদারির জন্য দুটি ওয়াচ টাওয়ার স্থাপন করা হয়। পাশাপাশি জেলা পুলিশের পক্ষ থেকে নেওয়া হয় তিন স্তরের নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা।
দূর-দূরান্ত থেকে আসা মুসল্লিরা জানান, সকাল সাড়ে ৮টায় জামাত অনুষ্ঠিত হওয়ায় দূরবর্তী এলাকা থেকে এসে নামাজে অংশ নেওয়া সহজ হয়েছে। নিরাপত্তা ও সুন্দর ব্যবস্থাপনায় দেশের অন্যতম বৃহৎ এ জামাতে নামাজ আদায় করতে পেরে তারা সন্তোষ প্রকাশ করেন।
ভোরের আকাশ/এম