খাগড়াছড়িতে ধর্মীয় ভাবগাম্ভীর্যে কঠিন চীবর দানোৎসব উদযাপন

খাগড়াছড়িতে মৈত্রী, করুণা ও অহিংসার বাণী ছড়িয়ে দেওয়ার প্রত্যয়ে আলোক নবগ্রহ ধাতুচৈত্য বৌদ্ধ বিহারের উদযাপিত হয়েছে ২৬তম শুভ মহান কঠিন চীবর দানোৎসব। ধর্মীয় আচার-অনুষ্ঠান, প্রার্থনা ও পুণ্যার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে উৎসবটি পরিণত হয় বৌদ্ধ ধর্মাবলম্বীদের এক মিলনমেলায়।
মঙ্গলবার (২৪ নভেম্বর) সকাল থেকে খাগড়াছড়ির আলুটিলায় অবস্থিত বিহার প্রাঙ্গণে জড়ো হন বিভিন্ন বয়সী বৌদ্ধ ধর্মাবলম্বী নারী-পুরুষ। দুই দিনব্যাপী এ আয়োজনের অংশ হিসেবে বুদ্ধপূজা, সংঘদান, অষ্টপরিষ্কার দান, পিণ্ডদান ও কঠিন চীবর দানসহ বিভিন্ন ধর্মীয় আচার-অনুষ্ঠান সম্পন্ন হয়।
অনুষ্ঠানে দীপঙ্কর বৌদ্ধ বিহারের বিহারাধ্যক্ষ ভদন্ত সুরিয়া মহাথেরোর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ম্রাসাথোয়াই মারমা। ধর্মীয় দেশনা প্রদান করেন চাইন্দা মিজু মহাস্থবির।
এ ছাড়া সদ্ধর্ম দেশনা দেন বেতবুনিয়া কেন্দ্রীয় বৌদ্ধ বিহারের বিহারাধ্যক্ষ ভদন্ত মহাস্থবির ও বাজার শাসনা স্মৃতি বৌদ্ধ বিহারের বিহারাধ্যক্ষ ভদন্ত ক্ষেমাসারা মহাস্থবির। এ সময় বিভিন্ন বিহারের ভিক্ষুসংঘ উপস্থিত ছিলেন।
কঠিন চীবর দান বৌদ্ধ ধর্মাবলম্বীদের অন্যতম পবিত্র ও তাৎপর্যপূর্ণ ধর্মীয় উৎসব। এ উৎসবের মাধ্যমে ভিক্ষুসংঘের প্রতি শ্রদ্ধা ও দানশীলতার পাশাপাশি আত্মসংযম, মানবিকতা এবং পরস্পরের প্রতি সহমর্মিতার চর্চা করা হয়।
উৎসবের আয়োজন থেকে বুদ্ধের মৈত্রী, করুণা, অহিংসা ও মানবকল্যাণের আদর্শ অনুসরণের আহ্বান জানানো হয়। একই সঙ্গে সমাজে শান্তি, সম্প্রীতি ও পারস্পরিক সৌহার্দ্য প্রতিষ্ঠায় ধর্মীয় মূল্যবোধ চর্চার গুরুত্ব তুলে ধরা হয়।
ভোরের আকাশ/সু.পা