খুলনায় ইজিবাইক চুরির অভিযোগে চাকরিচ্যুত এএসআই গ্রেফতার

খুলনায় ইজিবাইক চুরির ঘটনায় পুলিশের চাকরিচ্যুত সহকারী উপপরিদর্শক (এএসআই) মিরান শেখকে গ্রেফতার করেছে নগর পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি)। সোমবার (২৩ নভেম্বর) রাত সাড়ে ১২টার দিকে নগরীর টুটপাড়া এলাকার মওলার বাড়ির মোড় থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার মিরান শেখ বটিয়াঘাটা উপজেলার ভান্ডারকোর্ট পূর্বপাড়া এলাকার আহমেদ শেখের ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, গত ২২ অক্টোবর বিকেল আনুমানিক ৪টার দিকে ইজিবাইকচালক সোহরাব খান দৌলতপুর থানার মিনাক্ষী হল-সংলগ্ন এলাকায় ছিলেন। এ সময় চাকরিচ্যুত এএসআই মো. মিরান শেখ তাকে খুলনা পুলিশ লাইনের সামনে যাওয়ার কথা বলে ইজিবাইকে ওঠেন।
পরে ওই এলাকায় পৌঁছালে সেখানে অপেক্ষায় থাকা আরও দুজন ব্যক্তি নিজেদের ডিবি পুলিশ পরিচয় দিয়ে খুলনায় যাওয়ার কথা বলে ইজিবাইকে ওঠেন। এরপর ইজিবাইকটি খালিশপুর থানার বকুলতলা মোড়-সংলগ্ন ইসলামী ফাউন্ডেশনের সামনে পৌঁছালে মিরানের কাছে একটি ফোন আসে। ফোনে তাকে জানানো হয়, তার মা মারা গেছেন।
এ সময় মিরান ইজিবাইক থামাতে বললে চালক গাড়ি থামান। পরে চালক পানি খাওয়ার জন্য বিপরীত দিকে গেলে মিরান ইজিবাইকটি নিয়ে পালিয়ে যান। এ ঘটনায় পরবর্তী সময়ে চালক ডিবি কার্যালয়ে মৌখিক অভিযোগ করেন।
নগর ডিবি পুলিশের উপকমিশনার মোহাম্মদ আহাদুজ্জামান মিয়া বলেন, চাকরিচ্যুত এএসআই মিরান প্রতারক প্রকৃতির। বাটপারি ও অসদাচরণের কারণে তিনি চাকরি হারিয়েছেন। এ ছাড়া তাঁর বিরুদ্ধে হানিট্র্যাপের মতো অভিযোগও রয়েছে। ইজিবাইক চুরির মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে।
ভোরের আকাশ/সু.পা