উলিপুরে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী ও শাশুড়ি পলাতক

কুড়িগ্রামের উলিপুরে নিলুফা ইয়াসমিন (২১) নামের এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ঘটনার পর থেকেই নিহতের স্বামী ও শাশুড়ি পলাতক রয়েছেন।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সকালে উপজেলার বুড়াবুড়ি ইউনিয়নের নামার চর এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
নিহত নিলুফা ইয়াসমিন ওই এলাকার আলমগীর হোসেনের স্ত্রী এবং একই ইউনিয়নের দোলন গ্রামের নুর ইসলামের মেয়ে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় তিন বছর আগে আলমগীর হোসেনের সঙ্গে নিলুফার বিয়ে হয়। বিয়ের পর থেকেই তাদের সংসারে পারিবারিক কলহ ও ঝগড়া-বিবাদ লেগেই থাকত। গত বুধবার (২৮ অক্টোবর) রাতেও স্বামী-স্ত্রীর মধ্যে বাক্বিতণ্ডা হয় বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
বৃহস্পতিবার সকালে স্থানীয়রা শয়নকক্ষের বিছানায় নিলুফার মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেন। পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে। তবে এই ঘটনার পর থেকে স্বামী আলমগীর হোসেন ও তাঁর মায়ের কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না।
এ বিষয়ে উলিপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শওকত আলী সরকার বলেন, মরদেহ উদ্ধার করে থানায় আনা হয়েছে। ময়নাতদন্তের জন্য কুড়িগ্রাম সদর হাসপাতালের মর্গে পাঠানো হবে। ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পেলে মৃত্যুর আসল কারণ জানা যাবে। এ ঘটনায় মামলা দায়েরসহ প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।
ভোরের আকাশ/আ.র