জামিনে বাড়ি ফেরার পথে ফের গ্রেপ্তার সাবেক স্বাস্থ্যমন্ত্রীর মামাতো ভাই

জামিনে মুক্তি পাওয়ার পর বাড়ি ফেরার পথে আবারও গ্রেপ্তার হয়েছেন মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি আনোয়ার হোসেন জ্যোতি (৬৫)।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) সন্ধ্যা ৬টার দিকে মানিকগঞ্জ গোয়েন্দা পুলিশের সহযোগিতায় সাটুরিয়া থানা পুলিশ তাকে গ্রেপ্তার করে।
আনোয়ার হোসেন জ্যোতি হরগজ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান। তিনি ওই ইউনিয়নের বালুচর গ্রামের মৃত মমতাজ উদ্দিনের ছেলে। তিনি সাবেক স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেকের মামাতো ভাই।
পারিবারিক সূত্রে জানা যায়, গত ৬ অক্টোবর সন্ত্রাসবিরোধী আইনে গ্রেপ্তারের পর কারাগারে ছিলেন আনোয়ার হোসেন জ্যোতি।
বৃহস্পতিবার জামিনে মুক্তি পেয়ে বাড়ি ফেরার পথে তাকে আবারও গ্রেপ্তার করা হয়।
বিষয়টি নিশ্চিত করে সাটুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোশাররফ হোসেন বলেন, মানিকগঞ্জ গোয়েন্দা পুলিশের সহযোগিতায় তাকে গ্রেপ্তার করা হয়েছে।
‘আনোয়ার হোসেন জ্যোতি আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। যাচাই-বাছাই শেষে তাকে আদালতে পাঠানো হবে।
ভোরের আকাশ/ইউএম