টানা তৃতীয় দফায় স্বর্ণের দাম বাড়ল ১২০৭২ টাকা

স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) মূল্যের ধারাবাহিক উর্ধ্বগতির কারণে দেশের বাজারে সবশেষ টানা ৩ দফায় স্বর্ণের দাম ১২ হাজার ৭২ টাকা বাড়ানো হয়েছে।
বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশনের (বাজুস) নির্ধারিত সর্বশেষ মূল্য অনুযায়ী, দেশে ভালো মানের অর্থাৎ ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ২ লাখ ২৯ হাজার ৬৬৪ টাকায় গিয়ে পৌঁছেছে।
শুক্রবার (৬ নভেম্বর) মূল্যবান এই ধাতু বিক্রি হচ্ছে সবশেষ নির্ধারিত দামে।
সবশেষ গত বৃহস্পতিবার (৫ নভেম্বর) বাজুস ভরিতে সর্বোচ্চ ৫ হাজার ৪৮২ টাকা বাড়ানোর সিদ্ধান্ত নেয়, যা ওই দিন সকাল ১০টা থেকেই কার্যকর রয়েছে।
নতুন মূল্য কাঠামো অনুযায়ী, দেশের বাজারে ভ্যাটসহ প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ২২ ক্যারেটের স্বর্ণের দাম পড়ছে ২ লাখ ২৯ হাজার ৬৬৪ টাকা। এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ১৯ হাজার ৩৪২ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৮৮ হাজার ৩৭৪ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণ ১ লাখ ৫৩ হাজার ৮৪৮ টাকায় বেচাকেনা হচ্ছে।
এর আগে, সবশেষ গত ৪ নভেম্বর সকালে স্বর্ণের দাম সমন্বয় করেছিল বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন। সেদিন ভরিতে ৩ হাজার ৩২৪ টাকা বাড়িয়েছিল।
বিজ্ঞপ্তিতে বলা হয়, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) মূল্য বেড়েছে। ফলে সার্বিক পরিস্থিতি বিবেচনায় ভ্যাটসহ স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে।
বাজুস জানিয়েছে, অলঙ্কারের ডিজাইন অনুযায়ী মজুরি প্রযোজ্য। স্বর্ণালঙ্কার ও রৌপলঙ্কারের বিক্রয়মূল্যের সঙ্গে ভ্যাট যুক্ত থাকায় গ্রাহকদের কাছ থেকে আলাদাভাবে ভ্যাট আদায় করা যাবে না। মজুরি ও পাথর বাদ দিয়ে অলঙ্কার এক্সচেঞ্জের ক্ষেত্রে ১২ শতাংশ ও পারচেজের ক্ষেত্রে ১৮ শতাংশ বাদ দিতে হবে। এক্সচেঞ্জ ও পারচেজের ক্ষেত্রে আলাদাভাবে ভ্যাট বাদ দেয়া যাবে না।
এ নিয়ে চলতি বছর এখন পর্যন্ত দেশের বাজারে ১৩৩ বার সমন্বয় করা হয়েছে স্বর্ণের দাম। যেখানে দাম ৬৫ দফা বাড়ানো হয়েছে, কমানো হয়েছে ৬৭ দফা ও ১ দফা ভ্যাট সমন্বয় করা হয়েছে।
ভোরের আকাশ/ইউএম