নীলফামারীতে মাদক মামলার আসামির মুক্তির দাবিতে এসপি কার্যালয় ঘেরাও

নীলফামারীতে মাদকের তিন মামলার চার্জশিটভুক্ত আসামি সুজনের মুক্তির দাবিতে পুলিশ সুপারের (এসপি) কার্যালয় ঘেরাও কর্মসূচি পালন করতে গিয়ে পুলিশি অ্যাকশনে কয়েকজন সমর্থক আটক হয়েছে।
শনিবার (৩ অক্টোবর) বিকেলে আটক সুজনের সমর্থকেরা সংগঠিত হয়ে নীলফামারী এসপি কার্যালয় ঘেরাও করেন।
পুলিশ সূত্রে জানা গেছে, এর আগে শুক্রবার ডিমলা উপজেলা থেকে মাদকের তিনটি মামলার চার্জশিটভুক্ত আসামি সুজনকে আটক করে নীলফামারী জেলা পুলিশের একটি বিশেষ দল।
পরদিন শনিবার বিকেলে সুজনের মুক্তির দাবিতে তার সমর্থকেরা এসপি কার্যালয়ের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ ও ঘেরাও কর্মসূচি শুরু করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে তাৎক্ষণিকভাবে কয়েকজনকে আটক করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
তবে ঘেরাওস্থল থেকে আটক ব্যক্তির সংখ্যা, তাদের পরিচয় ও পুরো ঘটনার বিষয়ে এখনো নীলফামারী জেলা পুলিশের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।
উল্লেখ্য সুজন আসন্ন স্থানীয় নির্বাচনে নীলফামারীর ডিমলা উপজেলার খগাখড়িবাড়ী ইউনিয়ন পরিষদ নির্বাচনে নিজেকে চেয়ারম্যান পদপ্রার্থী ঘোষণা ও প্রচার-প্রচারণা দিয়ে চালিয়ে আসছিলেন।
ভোরের আকাশ/ এনউব