কেন্দ্রীয় নেত্রীর বাড়িতে বোমা হামলার প্রতিবাদে হবিগঞ্জে এনসিপির বিক্ষোভ

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর রাজনৈতিক পর্ষদ সদস্য ও যুগ্ম-আহ্বায়ক নুসরাত তাবাসসুমের গ্রামের বাড়িতে বোমা হামলা ও অগ্নিসংযোগের প্রতিবাদে হবিগঞ্জে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে দলটির জেলা শাখা।
শুক্রবার (১৩ নভেম্বর) বিকেল ৩টায় শহরের বদিউজ্জামান খান সড়কে আয়োজিত এই কর্মসূচি থেকে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থতার অভিযোগ তুলে স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ দাবি করা হয়।
বিক্ষোভ মিছিলটি শহরের বদিউজ্জামান খান সড়ক থেকে শুরু হয়ে গুরুত্বপূর্ণ পয়েন্ট প্রদক্ষিণ শেষে এক প্রতিবাদ সমাবেশে মিলিত হয়।
সমাবেশে জাতীয় নাগরিক পার্টি-এনসিপি হবিগঞ্জ জেলা কমিটির সাংগঠনিক সম্পাদক রায়হান আহমেদ বলেন, "আমাদের জুলাই কন্যা নুসরাত তাবাসসুমের গ্রামের বাড়িতে অগ্নিসন্ত্রাস চালিয়েছে পতিত ফ্যাসিস্ট আওয়ামী লীগের পলাতক দোসররা। দীর্ঘ ১৭ বছর এ দেশকে লুটপাট করে জুলাই গণ-অভ্যুত্থানের মুখে তারা দেশ ছেড়ে পালিয়েছে। এখন নুসরাত তাবাসসুমের বাড়িতে অগ্নিকাণ্ডের মধ্য দিয়ে তারা বুঝাতে চায় যে, তাদের কোনো অনুশোচনা নেই এবং তারা শোধরাবে না।"
জনগণের জানমালের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করে রায়হান আহমেদ আরও বলেন, "এই অপশক্তি যদি এ দেশে আবার পুনর্গঠিত বা পুনর্বাসিত হয়, তবে জনগণের জানমাল ও দেশের ভূখণ্ডের কোনো নিরাপত্তা থাকবে না। আমরা চাই পতিত এই শক্তি এ দেশে যেন আর কখনো মাথাচাড়া দিয়ে উঠতে না পারে।" এ সময় তিনি ব্যর্থতার দায় নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ দাবি করেন।
জাতীয় নাগরিক পার্টি-এনসিপির কেন্দ্রীয় সংগঠক (উত্তরাঞ্চল) ও হবিগঞ্জ জেলা শাখার প্রধান সমন্বয়কারী নাহিদ উদ্দিন তারেকের নেতৃত্বে কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন এনসিপির যুগ্ম-আহ্বায়ক ও লাখাই উপজেলার আহ্বায়ক আব্দুল হাই কামাল এবং বাহুবল উপজেলার আহ্বায়ক তোফায়েল আহমেদ। এছাড়া জেলা ও বিভিন্ন উপজেলা শাখার নেতাকর্মীরা কর্মসূচিতে অংশ নেন।
উল্লেখ্য, গত ১১ নভেম্বর রাতে কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার ডাংমড়কা এলাকায় এনসিপির কেন্দ্রীয় নেত্রী নুসরাত তাবাসসুমের গ্রামের বাড়িতে বোমা হামলা ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এর প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে দেশব্যাপী বিক্ষোভ পালন করছে দলটি।
ভোরের আকাশ/সু.পা