পীরগাছায় পোকায় খাচ্ছে ক্ষেত: কীটনাশকেও মিলছে না সুফল: উদাসীন কৃষি বিভাগ

রংপুরের পীরগাছায় আমন ধানে কারেন্ট পোকার আক্রমণে দিশাহারা হয়ে পড়েছেন কৃষকরা। ক্ষেতের পাকা-আধাপাকা ধান খেয়ে ফেলছে পোকা। কিছুই করতে পারছেন না কৃষকরা।
উপজেলার বিভিন্ন এলাকায় ধান খেতে পোকার আক্রমণে ফলন বিপর্যয়ের আশঙ্কা করছেন কৃষকরা।
আক্রান্ত জমিতে বার বার কীটনাশক প্রয়োগ করেও কাঙ্ক্ষিত সুফল পাওয়া যাচ্ছে না । এ অবস্থায় ক্ষতিগ্রস্ত কৃষকদের পাশে নেই উপজেলা কৃষি বিভাগের কোন কর্মকর্তা।
সরেজমিনে উপজেলার বিভিন্ন এলাকায় গিয়ে দেখা গেছে, আগাম জাতের আমন ধান কাটা শেষ পর্যায়ে। এছাড়াও বেশির ভাগ জমিতে দুলছে পাকা-আধাপাকা ধান। কিন্তু হঠাৎ করে বেড়ে গেছে পেকার আক্রমণ। বার বার কীটনাশক প্রয়োগ করেও কোন কাজ হচ্ছে না।
উপজেলার অন্নদানগর ইউনিয়নের প্রতাপ জয়সেন এলাকায় গিয়ে দেখা যায়, ধানখেতে কারেন্ট পোকা দমনে কীটনাশক স্প্রে করছেন সুফিয়া নামের এক কৃষাণী। তিনি বলেন, ‘এ পর্যন্ত পাঁচবার ওষুধ স্প্রে করেছি। তারপরও পোকা দমন হচ্ছে না। কৃষি বিভাগের কোনো কর্মকর্তা আমার ধান খেত দেখতে আসেননি, প্রয়োজনীয় পরামর্শও দেননি।’
একই এলাকার কৃষক আবুল খায়েরের ধান খেতের বড় একটি অংশ পোকার আক্রমণে ক্ষতিগ্রস্ত হয়েছে। তাঁকে বাড়িতে না পেয়ে কথা হয় তাঁর স্ত্রী মিনারা বেগমের সঙ্গে। তিনি জানান, তাঁদের প্রায় আট দোন জমিতে আমন ধানের আবাদ রয়েছে। বার বার কীটনাশক প্রয়োগ করেও পোকার আক্রমণ থেকে রক্ষা পাওয়া যাচ্ছে না। কৃষি অফিসের লোকজনের কাছ থেকেও তাঁরা প্রয়োজনীয় পরামর্শ পাচ্ছেন না।
শুধু অন্নদানগর ইউনিয়ন নয়,সদর ইউনিয়নের ভরডোব, চকচকার দোলা, কুমারপাড়াসহ উপজেলার বিভিন্ন এলাকায় আমন ধানে কারেন্ট পোকার আক্রমণের খবর পাওয়া গেছে।
কৃষকরা বলছেন, বিভিন্ন ব্লকের উপ-সহকারী কৃষি কর্মকর্তারা এখন ঠিক মত মাঠে আসেন না। তাঁরা কৃষি কার্ডের জরিপ নিয়ে ব্যস্ত। সব কর্মকর্তা একজোট হয়ে এক এক ওয়ার্ডে ঘুরে বেড়াচ্ছেন। তাই তাদের পাওয়া দুষ্কর।
কয়েকজন কৃষকের সঙ্গে কথা বলে জানা গেছে, আমন ধান চাষে সার, বীজ, কীটনাশক ও শ্রমিকের পেছনে তাঁদের বাড়তি অর্থ ব্যয় হয়েছে। সার ও পটাশের সংকট এবং বাড়তি দাম উপেক্ষা করে অনেক কষ্টে তাঁরা আবাদ করেছেন। এখন ফসলের গুরুত্বপূর্ণ সময়ে পোকার আক্রমণে তাঁদের সেই বিনিয়োগ অনিশ্চয়তার মুখে পড়েছে। বিভিন্ন কোম্পানির কীটনাশক ব্যবহার করেও কাঙ্ক্ষিত ফল না পাওয়ায় দুশ্চিন্তা বাড়ছে।
কৃষকদের আশঙ্কা, দ্রুত পোকার আক্রমণ নিয়ন্ত্রণ করা না গেলে আমন ধানের ফলন মারাত্মকভাবে কমে যেতে পারে। এতে উৎপাদন খরচ তোলাও কঠিন হয়ে পড়বে। তাই আক্রান্ত জমি সরেজমিনে পরিদর্শন, পোকার ধরন শনাক্ত এবং কার্যকর দমনব্যবস্থা সম্পর্কে কৃষকদের প্রয়োজনীয় পরামর্শ দেওয়ার দাবি জানিয়েছেন তাঁরা।
এ বিষয়ে উপজেলা কৃষি কর্মকর্তা নিলুফা ইয়াসমিন বলেন, ‘আমরা কৃষকদের পরামর্শ দিয়েছি এবং লিফলেট বিতরণ করেছি। প্রয়োজনীয় ডকুমেন্টসও দেখিয়ে দিয়েছি। ধরুন, ওষুধ স্প্রে করতে হবে ধানের গোড়ায়, কিন্তু কৃষক যদি তা ধানের মাথায় প্রয়োগ করেন, তাহলে সুফল পাবেন কীভাবে? আমি অন্নদানগর ইউনিয়নের অনেক এলাকায় কৃষকদের বাড়ি থেকে ডেকে এনে পরামর্শ দিয়েছি। এখন কোনো কৃষক যদি বলেন, কৃষি অফিস থেকে সেবা পাচ্ছেন না, তাহলে তো তাঁর মুখ আটকাতে পারব না।
ভোরের আকাশ/ এনউব