সচেতনতাই আগামী প্রজন্মের সুস্থতা - এমপি মাজেদ

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে "ক্লিন ঈশ্বরগঞ্জ" গড়ার লক্ষ্যে উপজেলার শিক্ষাঙ্গনকে সুন্দর ও নির্মল পরিবেশ হিসেবে গড়ে তুলতে বিদ্যালয় প্রাঙ্গণ ও শ্রেণিকক্ষ পরিষ্কার-পরিচ্ছন্ন কার্যক্রম শুরু করেছে উপজেলা প্রশাসন। এরই ধারাবাহিকতায় রোববার দুপুরে মাননীয় সংসদ সদস্য প্রকৌশলী লুৎফুল্লাহেল মাজেদ বাবু প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ঈশ্বরগঞ্জ পৌর এলাকায় চরনিখলা উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থীদের সাথে নিয়ে পরিচ্ছন্নতার কাজ করেন। “যেখানে আমি, সেখানেই পরিচ্ছন্নতা'' ব্যানারে উপজেলার প্রতিটি স্কুলে এই কার্যক্রম অব্যাহত থাকবে।
সংসদ সদস্য লুৎফুল্লাহেল মাজেদ বাবু বলেন, ক্লিন ঈশ্বরগঞ্জ গড়ার লক্ষ্যে উপজেলার সকল বিদ্যালয় প্রাঙ্গণ ও শ্রেণিকক্ষ পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান চলছে। এটি একটি স্বাস্থ্যকর পরিবেশ পড়াশোনায় মনোযোগ বাড়ায় এবং শিক্ষার্থীদের মধ্যে ভালো অভ্যাস গড়ে তোলে। পরিচ্ছন্নতা রোগজীবাণু ছড়াতে বাঁধা দেয় এবং মনকে সতেজ রাখে। শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি বলেন, সবাইকে মনে রাখতে হবে-সচেতনতাই আগামী প্রজন্মের সুস্থতা, আসুন নিজে পরিষ্কার পরিচ্ছন্ন থাকি, রোগমুক্ত ও সুন্দর সমাজ গড়ি।
পরিচ্ছন্নতা অভিযানে উপস্থিত ছিলেন উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা এবং উপজেলা বিএনপির নেতৃবৃন্দ। এছাড়াও উপস্থিত ছিলেন স্কুলের শিক্ষক ও শিক্ষার্থীরা।
উপজেলা নির্বাহী অফিস সূত্রে জানা যায়, “যেখানে আমি, সেখানেই পরিচ্ছন্নতা'' এই স্লোগানে ময়মনসিংহ জেলা প্রশাসক সাইফুর রহমান এর নির্দেশনায় ও উপজেলা নির্বাহী অফিসার এর উদ্যোগে শিক্ষা প্রতিষ্ঠান পরিস্কার পরিচ্ছন্ন কার্যক্রমের অংশ হিসেবে বিদ্যালয়ে শিক্ষার্থীদের সাথে নিয়ে স্কুল প্রাঙ্গণে পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করেন ইউএনও সানজিদা রহমান। এসময় শিক্ষক ও শিক্ষার্থীদের সঙ্গে নিয়ে বিদ্যালয় প্রাঙ্গণ ও শ্রেণী কক্ষ পরিস্কার পরিচ্ছন্ন করেন তিনি। এতে শিক্ষার্থীদের মাঝে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা মূখর পরিবেশ বিরাজ করে। অভিযান পরিচালনাকালে শিক্ষার্থীদের মাঝে স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি ও বিদ্যালয় পরিচ্ছন্নতা রাখতে করণীয় বিষয়ে দিক নির্দেশনা দেন উপজেলা নির্বাহী অফিসার সানজিদা রহমান।
ভোরের আকাশ/এনউব