লালপুরে মাদক, চুরি ও সাইবার অপরাধ প্রতিরোধে সচেতনতামূলক সভা

নাটোরের লালপুরে মাদক, চুরি ও সাইবার অপরাধ প্রতিরোধ ও প্রতিকার বিষয়ে সচেতনতামূলক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৫ অক্টোবর) বিলমাড়ীয়া হাট ও বাজার কমিটির উদ্যোগে বিলমাড়ীয়া বাজারের হাট শেডে এ সভা অনুষ্ঠিত হয়।
বিলমাড়ীয়া হাট-বাজার কমিটির সভাপতি মো. মাসুদ রানা সরদারের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন লালপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শফিকুল ইসলাম।
প্রধান অতিথির বক্তব্যে ওসি মো. শফিকুল ইসলাম বলেন, সমাজ থেকে মাদক, চুরি ও ডিজিটাল মাধ্যমে সংঘটিত সাইবার অপরাধ প্রতিরোধে পুলিশ প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে। তবে এসব অপরাধ নির্মূলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি সাধারণ মানুষ, ব্যবসায়ী ও স্থানীয় বাসিন্দাদের সচেতনতা ও সহযোগিতা অত্যন্ত জরুরি।
তিনি আরও বলেন, অপরাধ প্রতিরোধে স্থানীয়দের মধ্যে সচেতনতা বাড়ানোর পাশাপাশি যেকোনো অপরাধমূলক কর্মকাণ্ডের তথ্য দ্রুত পুলিশকে জানাতে হবে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ ও জনগণের মধ্যে সমন্বয় আরও জোরদার করা প্রয়োজন।
সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বিলমাড়ীয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অধ্যাপক সিদ্দিক আলী মিষ্টু।
এ সময় বিলমাড়ীয়া বাজারের স্থানীয় ব্যবসায়ী, গণ্যমান্য ব্যক্তিবর্গ ও বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা বাজার ও আশপাশের এলাকার নিরাপত্তা নিশ্চিত করা, মাদক ও চুরি প্রতিরোধ এবং সাইবার অপরাধ সম্পর্কে জনসচেতনতা বাড়াতে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
ভোরের আকাশ/জেআ