সৈয়দপুরে মাদকবিরোধী আলোচনা সভা ও বৃক্ষরোপণ কর্মসূচি

মাদকবিরোধী সচেতনতা সৃষ্টি ও পরিবেশ রক্ষার বার্তা নিয়ে নীলফামারীর সৈয়দপুরে আলোচনা সভা ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। সামাজিক সংগঠন ‘সচেতন জনতা সৈয়দপুর’-এর উদ্যোগে বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) সকালে উপজেলার কামারপুকুর ডিগ্রি কলেজ প্রাঙ্গণে এ কর্মসূচির আয়োজন করা হয়।
‘মাদককে না বলি, গাছ লাগাই—সুস্থ ও সুন্দর ভবিষ্যৎ গড়ি’ স্লোগানকে সামনে রেখে আয়োজিত অনুষ্ঠানে মাদকমুক্ত সমাজ গড়ার আহ্বান জানানো হয়। একই সঙ্গে সবুজ ও সুন্দর পরিবেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন আয়োজক ও অংশগ্রহণকারীরা। আলোচনা সভা শেষে কলেজের শিক্ষার্থীদের মধ্যে বিভিন্ন প্রজাতির ফলদ ও বনজ গাছের চারা বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সৈয়দপুর রাজনৈতিক জেলা বিএনপির সভাপতি অধ্যক্ষ আব্দুল গফুর সরকার। প্রধান বক্তা ছিলেন নীলফামারী জেলা ও দায়রা জজ আদালতের অ্যাডভোকেট গোলাম রব্বানী রাইয়ান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কামারপুকুর ডিগ্রি কলেজের অধ্যক্ষ নাসিমা খাতুন, প্রভাষক শওকত হায়াত শাহ, শামীমা আক্তার রুপক, মো. মিজানুর রহমান মুকুল ও হাফেজ মাওলানা নুরুল হুদা।
‘সচেতন জনতা সৈয়দপুর’-এর সভাপতি মাওলানা মো. গোলাম রাব্বানীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তারা বলেন, যুবসমাজকে মাদকের হাত থেকে রক্ষা করতে এবং পরিবেশের ভারসাম্য বজায় রাখতে শিক্ষার্থীদের পড়ালেখার পাশাপাশি সামাজিক ও সচেতনতামূলক কর্মকাণ্ডে অংশ নেওয়া জরুরি।
এ সময় উপস্থিত শিক্ষার্থী ও শিক্ষকরা এ ধরনের উদ্যোগকে সাধুবাদ জানান।
ভোরের আকাশ/সু.পা