জামালপুরে আ-লীগের নৈরাজ্যের প্রতিবাদে জেলা বিএনপির সমাবেশ

গত ১৬ বছরে আওয়ামী লীগ দেশের অর্থনীতি ও প্রশাসনকে ক্ষতিগ্রস্ত করেছে বলে অভিযোগ করেছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহসাংগঠনিক সম্পাদক ও জামালপুর-৫ (সদর) আসনের সংসদ সদস্য শাহ মো. ওয়ারেছ আলী মামুন। একই সঙ্গে জামায়াতে ইসলামীকে ‘স্বাধীনতাবিরোধী শক্তি’ হিসেবে উল্লেখ করে তিনি বলেন, দলটি পতিত স্বৈরাচারের সঙ্গে আঁতাত করলে তাদের রাজনীতি নিষিদ্ধের দাবি কার্যকর করা হবে।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) বিকেলে জামালপুর শহরের দয়াময়ী মোড়ে জেলা বিএনপি আয়োজিত প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ড ও নৈরাজ্যের প্রতিবাদে এ সমাবেশের আয়োজন করা হয়।
ওয়ারেছ আলী মামুন বলেন, গত ১৬ বছরে আওয়ামী লীগ দেশকে ধ্বংসের শেষ প্রান্তে নিয়ে গেছে। অর্থনীতি লুটপাটের মাধ্যমে বাংলাদেশকে পঙ্গু করা হয়েছে। দলীয়করণের মাধ্যমে প্রশাসনকে আওয়ামী লীগের দলীয় প্রশাসনে পরিণত করা হয়েছিল। এর নজির এখনো দেখা যাচ্ছে বলে দাবি করেন তিনি।
তিনি আরও বলেন, ৫ আগস্টের রাজনৈতিক পটপরিবর্তনের পর দেশে রাজনৈতিকভাবে সবচেয়ে বেশি লাভবান হয়েছে জামায়াতে ইসলামী। স্বাধীনতার বিরোধিতার কারণে দলটি একসময় রাজনৈতিকভাবে নিষিদ্ধ ছিল বলে মন্তব্য করেন তিনি। ৫ আগস্টের পর তারা আবার রাজনীতি করার সুযোগ পেয়েছে ও বিরোধী দলের আসনে বসার সুযোগ পেয়েছে বলেও উল্লেখ করেন বিএনপির এই নেতা।
ওয়ারেছ আলী মামুন বলেন, জামায়াতে ইসলামী যদি পতিত স্বৈরাচারের সঙ্গে আঁতাত করে, তাহলে এই বাংলাদেশে তাদের রাজনীতি করার সুযোগ থাকবে না। তাদের রাজনীতি নিষিদ্ধ করার দাবি কার্যকর করা হবে।
সমাবেশে জেলা বিএনপির সিনিয়র সহসভাপতি লোকমান আহমেদ খান লোটনের সভাপতিত্বে বক্তব্য দেন জেলা বিএনপির সহসভাপতি লিয়াকত আলী, যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান আরমান, সাংগঠনিক সম্পাদক সফিকুল ইসলাম খান সজিব, শহর বিএনপির সাধারণ সম্পাদক শাহ আব্দুল্লাহ আল মাসুদসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতারা।
উল্লেখ্য, শাহ মো. ওয়ারেছ আলী মামুন জামালপুর-৫ আসনের বর্তমান সংসদ সদস্য ও বিএনপির সহসাংগঠনিক সম্পাদক। ২০২৬ সালের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি এ আসন থেকে নির্বাচিত হন।
ভোরের আকাশ/সু.পা