চরফ্যাশনে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে যুব সমাবেশ

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ভোলার চরফ্যাশনে উপজেলা ও পৌরসভা যুবদলের উদ্যোগে যুব সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) বিকেলে চরফ্যাশন উপজেলা বিএনপি কার্যালয়ের সামনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় যুবদলের সাধারণ সম্পাদক ও ভোলা-৪ (চরফ্যাশন-মনপুরা) আসনের সংসদ সদস্য মোহাম্মদ নুরুল ইসলাম নয়ন।
চরফ্যাশন উপজেলা যুবদলের আহ্বায়ক শহিদুল ইসলাম প্রিন্সের সভাপতিত্বে সমাবেশে প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন যুবদলের কেন্দ্রীয় সহসভাপতি মো. ফিরোজ আব্দুল্লাহ। বিশেষ অতিথি ছিলেন ভোলা জেলা যুবদলের সভাপতি জামাল উদ্দিন লিটন ও সাধারণ সম্পাদক আব্দুল কাদের সেলিম।
সমাবেশে আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক গোফরান মহাজন, সাবেক সাংগঠনিক সম্পাদক কাজী মঞ্জুর হোসেন, পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক খাইরুল ইসলাম সোহেল, উপজেলা বিএনপির সাবেক সহদপ্তর সম্পাদক কামাল গোলদার, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আশরাফুল ইসলাম ও সদস্যসচিব জাহিদুল ইসলাম রাসেলসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা। এ সময় উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে যুবদলের নেতাকর্মী ও সমর্থকেরা সমাবেশে অংশ নেন।
প্রধান অতিথির বক্তব্যে মোহাম্মদ নুরুল ইসলাম নয়ন বলেন, ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের শুরু থেকে ৫ আগস্ট পর্যন্ত যুবদল রাজপথে শক্তিশালী ভূমিকা পালন করেছে। দেশের সংকটময় সময়ে যুবদলের নেতাকর্মীরা ঐক্যবদ্ধভাবে রাজপথে নেমে পরিস্থিতি মোকাবিলা করেছেন।
তিনি মাদকের ভয়াবহতা তুলে ধরে বলেন, সমাজ থেকে মাদক নির্মূলে সবাইকে সচেতন হতে হবে। এ জন্য যুবদলের নেতাকর্মীদের মাদকবিরোধী কার্যক্রমে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
তিনি আরও বলেন, চরফ্যাশন ও মনপুরা উপজেলার রাস্তাঘাট, শিক্ষাপ্রতিষ্ঠানসহ সার্বিক উন্নয়নে তিনি ও বিএনপি সরকার কাজ করছেন।
সমাবেশে অন্যান্য বক্তারা যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীর তাৎপর্য তুলে ধরেন। একই সঙ্গে সংগঠনের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করা এবং আগামী দিনে দলীয় কর্মকাণ্ডে ঐক্যবদ্ধভাবে ভূমিকা রাখার জন্য নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান।
ভোরের আকাশ/আ.র