জাতীয় পর্যায়ে সুযোগ পেল ৬ দল
বগুড়ায় জেডআরএফের বিজ্ঞান মেলা

রাজশাহীর বগুড়ায় শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ মাঠে অনুষ্ঠিত হয়েছে জিয়াউর রহমান ফাউন্ডেশনের (জেডআরএফ) উদ্যোগে বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক জাতীয় প্রতিযোগিতা ‘ভবিষ্যৎ বিজ্ঞানীর খোঁজে ২০২৬’-এর রাজশাহী বিভাগীয় পর্বের বিজ্ঞান মেলা।
এই প্রতিযোগিতায় রাজশাহী বিভাগের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ৪৭টি স্টল দলগতভাবে অংশ নেয়। দিনব্যাপী প্রদর্শনী ও মূল্যায়ন শেষে বিভিন্ন ক্যাটাগরিতে বিজয়ী ৬টি গ্রুপকে জাতীয় পর্যায়ে ঢাকায় চূড়ান্ত প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য নির্বাচিত করা হয়। এছাড়া মেলায় অংশগ্রহণকারী এবং বিজয়ী প্রতিটি দলকে সম্মাননা সনদ প্রদান করা হয়। ১৯৯৯ সালে প্রতিষ্ঠিত এই সংগঠনের তরুণ বিজ্ঞানী খোঁজার এটি তৃতীয় আসর বলে জানান আয়োজকরা।
প্রদর্শনী শেষে কলেজের মিলনায়তনে এক আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। জিয়াউর রহমান ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক ও বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডা. ফরহাদ হালিম ডোনার অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সরকারের বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ এবং বিশেষ অতিথি ছিলেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।
প্রধান অতিথির বক্তব্যে বিদ্যুৎ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ বলেন , দেশের আনাচে-কানাচে ছড়িয়ে থাকা উদ্যমী, তরুণ ও প্রতিভাবান মেধাবীদের অন্বেষণের এই আয়োজন অত্যন্ত প্রশংসনীয়। তিনি আশা প্রকাশ করেন, আগামী দিনেও জিয়া ফাউন্ডেশনের এ ধরনের মহতী ও দেশ গড়ার কাজ সরকারের পরিকল্পনা বাস্তবায়নে সহায়ক ভূমিকা পালন করবে।
বিশেষ অতিথির বক্তব্যে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেন,এই ব্যতিক্রমী আয়োজনের মাধ্যমে নতুন দেশীয় উদ্ভাবক খুঁজে পাওয়ার অপার সম্ভাবনা রয়েছে। প্রদর্শনীতে অংশ নেওয়া বিভিন্ন গ্রুপের বিজ্ঞান প্রকল্পগুলোকে দেশের প্রয়োজনে কাজে লাগানোর তাগিদ দিয়ে তিনি বলেন, বর্তমান বিশ্বের চতুর্থ প্রজন্মের বিজ্ঞান বিপ্লবের অন্যতম হাতিয়ার কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই-কে দেশের কৃষি, শিল্প ও বিদ্যুৎসহ সার্বিক অর্থনীতিতে ব্যবহার উপযোগী করতে হবে।
ফাউন্ডেশনের কার্যক্রমের স্মৃতিচারণ করে তিনি আরও জানান, করোনাকালীন সময়ে ভার্চুয়াল মাধ্যমে এই বিজ্ঞান মেলার প্রথম আসর অনুষ্ঠিত হয়েছিল। এই স্বেচ্ছাসেবী জনকল্যাণকর সংগঠনের সভাপতি তারেক রহমান এবং সহ-সভাপতি ডা. জোবাইদা রহমান এই আয়োজনের স্বপ্নদ্রষ্টা বলে তিনি উল্লেখ করেন।
আলোচনা সভায় আরও বক্তব্য দেন বগুড়া সদর আসনের সংসদ সদস্য ও গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি রেজাউল করিম বাদশা, সাবেক পৌর মেয়র অ্যাডভোকেট মাহবুবুর রহমান, বগুড়া সিটি কর্পোরেশন প্রশাসক এম আর ইসলাম স্বাধীন, বগুড়া জেলা পরিষদ প্রশাসক এ কে এম আহসানুল তৈয়ব জাকির এবং জিয়াউর রহমান ফাউন্ডেশনের বিজ্ঞান মেলার আয়োজন কমিটির বিভাগীয় সমন্বয়ক ও সদস্য সচিব অধ্যাপক ডা. শাহ মো. শাহজাহান আলী।
অনুষ্ঠানে অতিথিদের বক্তব্যের মাঝে প্রধান অতিথি, বিশেষ অতিথি এবং বগুড়া সদর সংসদ সদস্যকে বিশেষ সম্মাননা স্মারক প্রদান করা হয়।
প্রতিযোগিতায় রাজশাহী বিভাগের ৪৭টি স্টলের মধ্যে চূড়ান্ত পর্বে ঢাকায় অংশগ্রহণের জন্য নির্বাচিত ৬টি বিজয়ী গ্রুপ হলো— নেক্সট জেনটেল হেলথ, ভিশন মেড, কথা এআই, কন্ট্রোলড রিহ্যাবিলিটেশন, সোলার ক্লাব ও এআই কথা।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, সারা দেশ থেকে পর্যায়ক্রমে অন্যান্য বিভাগ ও জেলা থেকে বাছাইকৃত ১৬টি দল নিয়ে ঢাকায় মূল পর্ব অনুষ্ঠিত হবে।
বিজ্ঞান মেলার প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠানে অংশগ্রহণকারী প্রতিযোগী, শিক্ষার্থী, অভিভাবক, মেডিকেল কলেজের বিভিন্ন বর্ষের শিক্ষার্থী, বগুড়া জেলা ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী এবং সাধারণ শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
ভোরের আকাশ/রই