একটি সন্তান, একটি গাছ

পরিবেশ রক্ষা, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা এবং সবুজায়ন কার্যক্রম জোরদারের লক্ষ্যে দিনাজপুরে বৃক্ষরোপন কর্মসূচি অব্যাহত রয়েছে।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষর্পণ কর্মসূচির অংশ হিসাবে দিনাজপুর সদর উপজেলার ৬নং আউলিয়াপুর ইউনিয়ন বিএনপি'র উদ্যোগে অত্র ইউনিয়নের মাহূত পাড়া থেকে খাঁড়ি পাড়া ব্রীজ পর্যন্ত বৃক্ষরোপনের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। ২৬ জুলাই রবিবার উক্ত কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নিজ হাতে মাটি সরিয়ে গাছ লাগিয়ে এবং দোয়া মোনাজাত করে বৃক্ষরোপন কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন দিনাজপুর সদর ৩ আসনের জাতীয় সংসদ সদস্য সৈয়দ জাহাঙ্গীর আলম এমপি। এ সময় প্রধান অতিথি বক্তব্যে তিনি বলেন একজন সন্তান ভূমিষ্ঠ হওয়ার পর,তার নামে যদি একটা গাছ লাগানো যায়,তাহলে সন্তান বড় হওয়ার সাথে সাথে ঐ গাছটিও বড় হবে এবং এক সময় ঐ গাছটিও আর্থিক সুফল বয়ে আনবে।
তিনি আরো বলেন যে পরিবেশ সংরক্ষণ ও ভবিষ্যৎ প্রজন্মের আর্থিক নিরাপত্তার কথা মাথায় রেখে একটি চমৎকার উদ্যোগের কথা জানিয়েছেন সংসদ সদস্য (এমপি) জাহাঙ্গীর আলম। তিনি বলেছেন, "একটি সন্তান জন্ম নেবার সাথে সাথে একটি গাছ লাগান, ভবিষ্যতে আর্থিক সুফল পাবেন।"বৃক্ষরোপণ অভিযান ও সামাজিক সচেতনতা বৃদ্ধির অংশ হিসেবে এই যুগোপযোগী মন্তব্য করেন তিনি।
এমপি বলেন, বর্তমান সময়ে জলবায়ু পরিবর্তনের নেতিবাচক প্রভাব মোকাবিলা এবং নিজেদের বাসযোগ্য পৃথিবী টিকিয়ে রাখতে বেশি করে গাছ লাগানোর কোনো বিকল্প নেই। তবে এটিকে কেবল সাধারণ বৃক্ষরোপণ হিসেবে না দেখে একটি দীর্ঘমেয়াদি বিনিয়োগ হিসেবে দেখা উচিত।
তিনি আরও উল্লেখ করেন, পরিবারে নতুন অতিথির আগমন বা নবজাতকের জন্মকে স্মরণীয় করে রাখতে যদি একটি ফলজ, বনজ বা ঔষধি গাছ রোপণ করা হয়, তবে শিশুটির সঙ্গে গাছটিও বড় হতে থাকে। পরবর্তীতে বড় হয়ে ওই গাছ থেকে একদিকে যেমন প্রকৃতি ও পরিবেশ রক্ষা পায়, অন্যদিকে এর কাঠ বা ফল বিক্রি করে পরিবারের সদস্যরা আর্থিকভাবেও লাভবান হতে পারেন। এটি ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি চমৎকার ও সুদূরপ্রসারী আর্থিক নিরাপত্তার উৎস হতে পারে।
দেশের প্রতিটি পরিবার ও তরুণ সমাজকে এই মহৎ উদ্যোগে এগিয়ে আসার আহ্বান জানিয়ে তিনি বলেন, নিজ নিজ অবস্থান থেকে প্রত্যেকে যদি নবজাতকের স্মরণে অন্তত একটি করে গাছ লাগান, তবে একদিকে যেমন দেশ সবুজে ভরে উঠবে, অন্যদিকে দেশের অর্থনীতিও লাভবান হবে। এ সময় অত্র ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোঃ গুলজার হোসেন, দিনাজপুর জেলা বিএনপির সদস্য আলহাজ্ব মোস্তফা কামাল মিলন,ইউনিয়ন বিএনপি'র আলহাজ্ব তুহিন, ইউপি সদস্য সানোয়ার হোসেনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
ভোরের আকাশ/ এনউব