গোপালগঞ্জে সহিংসতা রোধে বিজিবি-আনসার টহল

লকডাউন পরবর্তী সময়ে গোপালগঞ্জে জনজীবন ধীরে ধীরে স্বাভাবিক হতে শুরু করেছে। সোমবার (২৩ নভেম্বর) সকাল থেকেই জেলা শহরের যান চলাচল স্বাভাবিক রয়েছে এবং দোকানপাট ও মার্কেটগুলো সম্পূর্ণভাবে খুলেছে। তবে সব স্থানে লোকজনের আনাগোনা কম। তবে প্রতিদিন বাড়ছে জনমনে আতঙ্ক।
সোমবার শহরের বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায়, অফিস-আদালত, ব্যাংক-বীমা, স্কুল ও কলেজসহ সব ধরনের প্রতিষ্ঠান খোলা রয়েছে। পাশাপাশি ঢাকা-খুলনা ও পিরোজপুর-গোপালগঞ্জ মহাসড়কেও যান চলাচল অনেকটা স্বাভাবিক রয়েছে। শহরে ট্রাফিক পুলিশের কার্যক্রম চলমান রয়েছে এবং রাস্তাঘাটে অল্প সংখ্যক আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যকে টহল দিতে দেখা গেছে। তবে সরকারি অফিস ও আদালত প্রাঙ্গণে আইন-শৃঙ্খলা বাহিনীর ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা গেছে।
এদিকে, গতকাল সন্ধ্যার পরে বিভিন্ন স্থানে মশাল মিছিল এবং ঝটিকা মিছিল দিতে দেখা গেছে আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের নেতা কর্মীদের। এছাড়া টুংগীপাড়ায় ও বিক্ষোভ মিছিল হয়েছে। এরপর গভীর রাতে গোপালগঞ্জের বিভিন্ন গ্রামাঞ্চলে হঠাৎ মাইকিং করে প্রচার করা হয় যে, বিজিবি ও পুলিশ এলাকায় ঢুকে গণগ্রেপ্তার চালাচ্ছে। বিভিন্ন অঞ্চলের মসজিদের মাইক ব্যবহার করা হয়।
এ সময় গ্রামবাসীদের মধ্যে আতঙ্ক বিরাজ করে। অনেকেই গভীর রাতে এক গ্রাম থেকে অন্য গ্রামে ছুটতে থাকেন বলে জানা গেছে। স্থানীয় সূত্রে জানা গেছে, এই গুজবকে কেন্দ্র করে নিজেদের মধ্যে উত্তেজনা ও গন্ডগোল শুরু হলে এর কিছুক্ষণ পরই কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাদের ফেসবুক পেজে সতর্কবার্তা দিতে দেখা যায়।
অন্যদিকে, জনজীবনে অনেকটা স্বস্তি ফিরলেও জেলা শহরে দিন দিন ব্যাপক আকারে বিজিবি, আনসার ও এসআরবি মোতায়েন করায় সাধারণ মানুষের মাঝে এক ধরনের আতঙ্ক সৃষ্টি হচ্ছে বলে জানা গেছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এখন পর্যন্ত ৫৫ প্লাটুন বিজিবি ও ১৫ প্লাটুন আনসার ব্যাটালিয়নসহ অতিরিক্ত এসআরবি মোতায়েন রয়েছে।
তবে এখন পর্যন্ত টুংগীপাড়া, কোটালীপাড়া, মুকসুদপুর, কাশিয়ানীসহ জেলা শহরে কোনো নাশকতা বা অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ১০ দিনের কর্মসূচি ঘোষণার বিষয়টি আলোচনায় থাকলেও মাঠে তাদের কোনো তৎপরতা দেখা যাচ্ছে না।
ভোরের আকাশ/সু.পা