ফ্যামিলি কার্ডে আ.লীগ কর্মীদের নিয়োগের অভিযোগ, প্রতিবাদে মানববন্ধন

নীলফামারী সদর উপজেলার গোড়গ্রাম ইউনিয়নে ফ্যামিলি কার্ডের সুপারভাইজার ও তথ্য সংগ্রহকারী পদে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মীদের নিয়োগ দেওয়ার অভিযোগে মানববন্ধন করেছেন স্থানীয়রা।
বুধবার (২ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে গোড়গ্রামের ভবানীগঞ্জ বাজারের বকুলতলা মোড়ে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তব্য দেন স্থানীয় বাসিন্দা ওয়াদুদ ইসলাম, রেজাউল ইসলাম, আবুল কালাম, আব্দুস সোবহান, জিকরুল ইসলাম, মশিউর রহমান ও মমিনুল ইসলামসহ অনেকে।
বক্তারা অভিযোগ করেন, ফ্যামিলি কার্ড প্রদানের জন্য তথ্য সংগ্রহের কাজে সুপারভাইজার ও তথ্য সংগ্রহকারী পদে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মীদের নিয়োগ দেওয়া হয়েছে। তাদের দাবি, এ নিয়োগের ফলে সরকারের নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়ন বাধাগ্রস্ত হতে পারে। একই সঙ্গে প্রকৃত দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষ ফ্যামিলি কার্ডের সুবিধা থেকে বঞ্চিত হওয়ার আশঙ্কা রয়েছে।
বক্তারা আরও অভিযোগ করেন, নিয়োগ পাওয়া ব্যক্তিরা আওয়ামী লীগের সঙ্গে সম্পৃক্ত থাকায় গত ১৭ বছরে বিভিন্ন সুযোগ-সুবিধা ভোগ করেছেন। তাদের পুনরায় সরকারি কার্যক্রমে দায়িত্ব দেওয়া হলে রাজনৈতিকভাবে তারা আবারও সুবিধা পাবেন এবং প্রকৃত সুবিধাবঞ্চিতরা বঞ্চিত হতে পারেন।
মানববন্ধন থেকে গোড়গ্রাম ইউনিয়নে সুপারভাইজার ও তথ্য সংগ্রহকারী পদে নিয়োগ পাওয়া ব্যক্তিদের নিয়োগ অবিলম্বে বাতিলের দাবি জানানো হয়। দাবি মানা না হলে আরও কঠোর আন্দোলন গড়ে তোলার হুঁশিয়ারি দেন বক্তারা।
ভোরের আকাশ/জেআ