আব্দুল মালেক উকিলের ৩৯তম মৃত্যুবার্ষিকী

মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঘনিষ্ঠ সহচর, বাংলাদেশ আওয়ামী লীগের সাবেক সভাপতি ও জাতীয় সংসদের সাবেক স্পিকার জাতীয় নেতা আব্দুল মালেক উকিলের ৩৯তম মৃত্যুবার্ষিকী আজ শনিবার (১৭ অক্টোবর)।
১৯৮৭ সালের ১৭ অক্টোবর ঢাকায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বরেণ্য এই রাজনীতিবিদ। দিবসটি উপলক্ষে তাঁর জন্মস্থান নোয়াখালীসহ সারাদেশে বিভিন্ন সামাজিক, রাজনৈতিক, সাংস্কৃতিক ও শিক্ষাপ্রতিষ্ঠানের উদ্যোগে ব্যাপক কর্মসূচি গ্রহণ করা হয়েছে।
আজ সকালে নোয়াখালী জেলা মডেল মসজিদ প্রাঙ্গণে মরহুমের কবরে বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ ও কবর জিয়ারতের আয়োজন করা হয়েছে।
বিকেলে মরহুমের পরিবারের উদ্যোগে বাদ আছর জেলা মডেল মসজিদে পবিত্র কোরআন খতম ও বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে।
এছাড়া নোয়াখালী সদর উপজেলার বাঁধেরহাট আব্দুল মালেক উকিল ডিগ্রি/অনার্স কলেজ, নোয়াখালী মোহামেডান স্পোর্টিং ক্লাবসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান ও সংগঠন পৃথক কর্মসূচি, কাঙালি ভোজ ও দোয়া মাহফিলের আয়োজন করেছে।
আব্দুল মালেক উকিল ১৯২৪ সালের ১ অক্টোবর নোয়াখালীর সুধারাম থানার রাজাপুর গ্রামে জন্মগ্রহণ করেন। পেশায় আইনজীবী ও রাজনীতিবিদ হিসেবে তিনি দেশের গণতান্ত্রিক ও রাজনৈতিক ইতিহাসে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।
তিনি পূর্ব পাকিস্তান প্রাদেশিক পরিষদের সদস্য, বিরোধীদলীয় নেতা এবং পাকিস্তান জাতীয় পরিষদের সদস্য ছিলেন। স্বাধীনতার পর তিনি স্বাধীন বাংলাদেশ সরকারের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনামন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী এবং জাতীয় সংসদের স্পিকার হিসেবে দায়িত্ব পালন করেন। পরবর্তীতে তিনি বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতির দায়িত্বও নিষ্ঠার সাথে পালন করেন।
১৯৮৭ সালের ১৭ অক্টোবর ঢাকায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার ৩৯তম মৃত্যুবার্ষিকীতে তাঁর বর্ণাঢ্য রাজনৈতিক জীবন, মহান মুক্তিযুদ্ধে অবিস্মরণীয় অবদান এবং দেশের গণতান্ত্রিক অঙ্গনে তাঁর ভূয়সী ভূমিকা গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করা হচ্ছে।
ভোরের আকাশ/ এনউব