মধুপুরে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত

‘করব সমবায়, গড়ব দেশ, সবার জন্য বাংলাদেশ’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে টাঙ্গাইলের মধুপুরে ৫৫তম জাতীয় সমবায় দিবস-২০২৬ উদ্যাপন করা হয়েছে। এ উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়।
রোববার (৮ নভেম্বর) সকালে উপজেলা প্রশাসন, সমবায় বিভাগ ও স্থানীয় সমবায়ীদের উদ্যোগে উপজেলা পরিষদ চত্বরে র্যালি অনুষ্ঠিত হয়। পরে উপজেলা পরিষদের হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা সমবায় কর্মকর্তা মো. হাবিবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সাইফুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি মো. জাকির হোসেন সরকার, সাধারণ সম্পাদক মো. নাছির উদ্দিন।
এ ছাড়া উপস্থিত ছিলেন প্রকৌশলী কর্মকর্তা মো. রফিকুল ইসলাম, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা আতিয়ার রহমান, পরিবার পরিকল্পনা কর্মকর্তা উজ্জ্বল বৈরাগী, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রাজিব আল রানা, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের সহকারী কর্মকর্তা ইমরান হোসেন, উপজেলা বিআরডিবি কর্মকর্তা মোস্তাফিজুর রহমান, পৌর বিএনপির সাবেক সহসভাপতি লতিফ পান্না, পাঁচতারা সমবায় সমিতির সাধারণ সম্পাদক আফসার উদ্দিন এবং পীরগাছা-থানগানী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের চেয়ারম্যান মার্টিন মৃসহ স্থানীয় রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিবর্গ।
আলোচনা সভায় সমবায়ের গুরুত্ব, সমবায়ভিত্তিক অর্থনৈতিক উন্নয়ন, আত্মকর্মসংস্থান সৃষ্টি এবং গ্রামীণ জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে সমবায় আন্দোলনের ভূমিকা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
বক্তারা বলেন, সমবায় হচ্ছে সম্মিলিত উদ্যোগ ও পারস্পরিক সহযোগিতার মাধ্যমে অর্থনৈতিক উন্নয়নের একটি কার্যকর মাধ্যম। সমবায়ের মাধ্যমে ব্যক্তি, সমাজ ও দেশের সামগ্রিক উন্নয়ন সম্ভব। একটি স্বনির্ভর, বৈষম্যহীন ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে সমবায় আন্দোলনকে আরও গতিশীল ও শক্তিশালী করতে হবে। এ লক্ষ্যে সমবায়ীসহ সংশ্লিষ্ট সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তাঁরা।
অনুষ্ঠানে বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন সমবায় সমিতির প্রতিনিধি ও সদস্যরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন রেজিয়া সুলতানা ও সমবায় সমিতির সহকারী পরিদর্শক মো. মাজহারুল ইসলাম। অনুষ্ঠান শেষে সমবায়ীদের মাঝে সম্মাননা ক্রেস্ট তুলে দেন অতিথিগন।
ভোরের আকাশ/সু.পা