নির্বাচনী পরীক্ষায় ৬ বিষয়ে ফেল, প্রধান শিক্ষককে পিটিয়ে আটক অভিভাবক

যশোরের ঝিকরগাছায় নির্বাচনী পরীক্ষায় ছয় বিষয়ে অকৃতকার্য হওয়ায় এক শিক্ষার্থীর বাবার বিরুদ্ধে বিদ্যালয়ের প্রধান শিক্ষককে মারধর ও লাঞ্ছিত করার অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযুক্ত অভিভাবক ইউনুস আলীকে আটক করেছে পুলিশ।
মঙ্গলবার (১৭ নভেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার শিমুলিয়া ইউনিয়নের সেন্ট লুইস মাধ্যমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষকের কক্ষে এ ঘটনা ঘটে।
আটক ইউনুস আলী ওই বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী আরফিন আহমেদের বাবা। বিদ্যালয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার এসএসসি পরীক্ষার্থীদের নির্বাচনী পরীক্ষার ফল প্রকাশ করা হয়। এতে আরফিন আহমেদ ছয় বিষয়ে অকৃতকার্য হয়। ফলে তার এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়। এ খবর জানার পর শিক্ষার্থীর বাবা ইউনুস আলী প্রধান শিক্ষক ব্রাদার সঞ্চয় মাথিয়াস রোজারিওর কক্ষে গিয়ে তাঁর ওপর চড়াও হন এবং মারধর করেন বলে অভিযোগ করা হয়েছে।
ঘটনার পর বিদ্যালয় কর্তৃপক্ষ জরুরি জাতীয় সেবা নম্বর ৯৯৯-এ ফোন করে পুলিশকে বিষয়টি জানায়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে অভিযুক্ত ইউনুস আলীকে আটক করে।
এ ঘটনায় বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মো. শরিফুজ্জামানসহ ১২ জন শিক্ষক ঝিকরগাছা থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। অভিযোগে আরও উল্লেখ করা হয়েছে, ইউনুস আলীর স্ত্রী এবং নয়ন নামের স্থানীয় এক ব্যক্তি বিভিন্ন সময়ে বিদ্যালয় ও শিক্ষকদের নিয়ে আপত্তিকর মন্তব্য করেছেন।
বিদ্যালয়ের সিসিটিভি ফুটেজে প্রধান শিক্ষকের কক্ষে ইউনুস আলীর প্রবেশ এবং প্রধান শিক্ষককে চড় মারার দৃশ্য দেখা গেছে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। পরে অন্য শিক্ষকরা কক্ষে প্রবেশ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। অভিযোগ অনুযায়ী, একপর্যায়ে ইউনুস আলীর স্ত্রী ও নয়ন নামের ওই ব্যক্তিকেও প্রধান শিক্ষকের সঙ্গে অসদাচরণে জড়াতে দেখা যায়।
ঝিকরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) ইদ্রিস আলী বলেন, প্রধান শিক্ষককে লাঞ্ছিত করার ঘটনায় অভিযুক্ত অভিভাবক ইউনুস আলীকে আটক করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
বিদ্যালয়ের প্রধান শিক্ষকের ওপর এমন হামলার ঘটনায় শিক্ষক ও স্থানীয় শিক্ষামহলে উদ্বেগের সৃষ্টি হয়েছে।
ভোরের আকাশ/ এনউব