কিশোরগঞ্জে আন্তঃজেলা মোটরসাইকেল চোরচক্রের ৫ সদস্য গ্রেপ্তার

কিশোরগঞ্জে আন্তঃজেলা মোটরসাইকেল চোরচক্রের পাঁচ সদস্যকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। এ সময় তাদের দেখানো বিভিন্ন স্থান থেকে সাতটি চোরাই মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে।
সোমবার (২৩ নভেম্বর) সকালে কিশোরগঞ্জ জেলা পুলিশের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, কিশোরগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমানের সার্বিক তত্ত্বাবধানে জেলা গোয়েন্দা শাখার (ডিবি) একটি অভিযানিক দল জেলার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে আন্তঃজেলা মোটরসাইকেল চোরচক্রের পাঁচ সদস্যকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তারের পর তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে কিশোরগঞ্জ সদর উপজেলার গাইটাল, খরমপট্টি, বৌলাই ইউনিয়নের দিঘীরপাড় ও নাকভাঙ্গা, করিমগঞ্জ উপজেলার বালিখোলাসহ জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে সাতটি চোরাই মোটরসাইকেল উদ্ধার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন, করিমগঞ্জ উপজেলার উত্তর গণেশপুর গ্রামের উজ্জ্বল মিয়া (৩৯), কিশোরগঞ্জ সদর উপজেলার চাউলমহল এলাকার তানভীর ইসলাম পিয়াল (২৫), বৌলাই ইউনিয়নের মুলসতাল গ্রামের রানা ইদ্রিস (৪০), হারজাগী এলাকার তামিম মিয়া (২৪) এবং করিমগঞ্জ উপজেলার রাজকুটি এলাকার নওফেল (২৪)।
পুলিশ জানায়, এ ঘটনায় গ্রেপ্তার পাঁচজনসহ আরও ৮ থেকে ১০ জন পলাতক আসামির বিরুদ্ধে কিশোরগঞ্জ সদর মডেল থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে।
ভোরের আকাশ/ এনউব