খ্রিস্টান সম্প্রদায়ের উন্নয়নে পাশে থাকার আশ্বাস এমপি আবু সুফিয়ানের

চট্টগ্রাম-৯ আসনের সংসদ সদস্য আবু সুফিয়ানের সঙ্গে বাংলাদেশ খ্রিস্টান এসোসিয়েশন, চট্টগ্রামের উদ্যোগে এক আন্তরিক ও সৌহার্দ্যপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
নগরীর জামালখান এলাকার একটি স্বনামধন্য রেস্তোরাঁয় আয়োজিত এ সভায় অংশ নেন এসোসিয়েশনের নেতৃবৃন্দ, বিভিন্ন চার্চের পাস্টর এবং খ্রিস্টান সম্প্রদায়ের প্রতিনিধিরা।
অনুষ্ঠানের শুরুতে বাংলাদেশ খ্রিস্টান এসোসিয়েশনের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছার মাধ্যমে প্রধান অতিথি সংসদ সদস্য আবু সুফিয়ানকে বরণ করে নেওয়া হয়।
সভাটি সঞ্চালনা করেন এসোসিয়েশনের সদস্য সচিব মি. ডানকেন পেরেরা এবং সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মি. কুইনটেন রিবেরো। অনুষ্ঠানে বিশেষ বক্তব্য দেন সহ-সভাপতি মিসেস ব্রিজেট ডায়েস।
সভায় চট্টগ্রাম-৯ আসনের অন্তর্গত মোট নয়টি গীর্জার প্রতিনিধি, পাস্টর ও সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। তারা খ্রিস্টান সম্প্রদায়ের ধর্মীয়, সামাজিক ও এলাকাভিত্তিক বিভিন্ন সমস্যা, সুযোগ-সুবিধা এবং উন্নয়নসংক্রান্ত বিষয় তুলে ধরেন।
একইসঙ্গে চার্চগুলোর অবকাঠামোগত উন্নয়ন, নিরাপত্তা এবং সম্প্রদায়ের কল্যাণে বিভিন্ন দাবিদাওয়া ও প্রস্তাবনা উপস্থাপন করা হয়।
সভায় প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য আবু সুফিয়ান বলেন, “চট্টগ্রাম সবসময়ই সাম্প্রদায়িক সম্প্রীতির এক উজ্জ্বল দৃষ্টান্ত। সকল ধর্মের মানুষের অধিকার সংরক্ষণ ও সমান উন্নয়ন নিশ্চিত করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ।
খ্রিস্টান সম্প্রদায়ের যৌক্তিক দাবিদাওয়া বাস্তবায়ন এবং চার্চগুলোর সার্বিক উন্নয়নে আমি সর্বোচ্চ সহযোগিতা করব।”
তিনি আরও বলেন, ধর্মীয় সম্প্রীতি ও সামাজিক বন্ধন সুদৃঢ় রাখতে সকল সম্প্রদায়ের পারস্পরিক সহযোগিতা ও সহমর্মিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভবিষ্যতেও খ্রিস্টান সম্প্রদায়ের পাশে থাকার আশ্বাস দেন তিনি।
অনুষ্ঠান শেষে বাংলাদেশ খ্রিস্টান এসোসিয়েশন, চট্টগ্রামের পক্ষ থেকে সংসদ সদস্য আবু সুফিয়ানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা হয়।
সভাটি সৌহার্দ্যপূর্ণ পরিবেশে সম্পন্ন হয় এবং উপস্থিত নেতৃবৃন্দ ভবিষ্যতে এ ধরনের মতবিনিময় সভা অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন।
ভোরের আকাশ/ র.ই