খুলনার রূপসায় জয় ঢালী হত্যা মামলায় ২ জন গ্রেফতার

খুলনার রুপসা উপজেলার চাঞ্চল্যকর জয় ঢালী হত্যা মামলার তদন্তে সন্দেহভাজন দুইজনকে গ্রেফতার করে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি-৬)। গ্রেফতার ব্যক্তিরা হলেন ফেরদৌস হোসেন লাদেন (২৩) ও রানা শেখ আকাশ (২৫)।
বুধবার (৪ নভেম্বর) দুপুর তিনটার দিকে রূপসা থানার মোসাব্বারপুর এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেফতার করা হয়। এসআরবি-৬-এর অধিনায়ক নিস্তার আহমেদ এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে এসআরবি-৬, সিপিসি সদর কোম্পানির একটি দল বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় জয় ঢালী হত্যা মামলার তদন্তে সন্দেহভাজন আসামি লাদেন ও রানাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার ফেরদৌস হোসেন লাদেন রূপসার নন্দনপুর গ্রামের আব্দুল গাফফারের ছেলে এবং রানা শেখ আকাশ নগরের নাজিরঘাট এলাকার আতিয়ার শেখের ছেলে।
অভিযান পরিচালনা পরিচালনাকারী দলের অধিনায়ক নিস্তার আহমেদ জানান, পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য গ্রেফতার দুজনকে রূপসা থানায় হস্তান্তর করা হয়েছে।
প্রসঙ্গত, গত ১৫ আগস্ট রূপসা উপজেলার আইচগাতি এলাকায় জয় ঢালীকে (২৭) গলা কেটে ও কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। এ ঘটনার প্রায় ২ মাস পর তাঁর বাবা আক্তার ঢালীকেও গুলি করে হত্যা করা হয়।
ভোরের আকাশ/সু.পা