সাপে কাটা মেয়েকে ও সাপ নিয়ে হাসপাতালে বাবা

মেয়েকে সাপে কামড় দেওয়ার পর সময় নষ্ট না করে দ্রুত হাসপাতালে ছুটে যান বাবা। তবে শুধু মেয়েকেই নয়, যে সাপটি কামড়েছে বলে ধারণা করা হচ্ছে, সেই জীবন্ত সাপকেও ধরে ব্যাগে ভরে সঙ্গে নিয়ে হাসপাতালে হাজির হন তিনি।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) সকালে শেরপুরের নকলা পৌর শহরের দড়িপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। আহত তরুণীর নাম রিয়া মনি (২০)। তিনি দড়িপাড়া গ্রামের আকাব্বর আলীর মেয়ে।
স্থানীয়রা জানান, বৃহস্পতিবার সকালে বাড়ির কাছে রিয়া মনিকে সাপে কামড় দেয়। বিষয়টি জানতে পেরে দ্রুত ঘটনাস্থলে ছুটে যান তাঁর বাবা আকাব্বর আলী। পরে সাপটিকে ধরে একটি ব্যাগে ভরে মেয়েকে নিয়ে নকলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যান তিনি। হাসপাতালে নেওয়ার পর চিকিৎসকরা পরীক্ষা-নিরীক্ষা করে জানান, রিয়া মনিকে কামড় দেওয়া সাপটি বিষধর নয়।
তবে সাপে কাটার ঘটনায় আতঙ্কিত হয়ে রিয়া মনি মানসিকভাবে ভেঙে পড়েন। পরে স্বজনরা তাকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার সিদ্ধান্ত নেন।
নকলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ গোলাম মোস্তফা বলেন, হাসপাতালে পর্যাপ্ত অ্যান্টিভেনম রয়েছে। তবে পরীক্ষা করে নিশ্চিত হওয়া গেছে, মেয়েটিকে কামড় দেওয়া সাপটি বিষধর নয়।
রোগী মানসিকভাবে ভেঙে পড়ায় স্বজনরা উন্নত চিকিৎসার জন্য তাকে ময়মনসিংহে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। মেয়েকে সাপে কামড়ানোর পর দ্রুত হাসপাতালে নেওয়ার পাশাপাশি কামড় দেওয়া জীবন্ত সাপটিও সঙ্গে নিয়ে আসার ঘটনায় স্থানীয়দের মধ্যে কৌতূহলের সৃষ্টি হয়েছে।
ভোরের আকাশ/সু.পা