চাঁপাইনবাবগঞ্জে ককটেল ও বিস্ফোরক তৈরির সরঞ্জাম উদ্ধার

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার একটি আমবাগান থেকে ৯২টি ককটেল, প্রায় ১২ কেজি গানপাউডারসদৃশ পাউডার ও বিস্ফোরক তৈরির বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করেছে এসআরবি-৫।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) দিবাগত রাত ২টার দিকে মহারাজপুর ইউনিয়নের পূর্ব টিকরা গ্রামের একটি আমবাগানে যৌথ অভিযান চালিয়ে এসব পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করা হয়। শুক্রবার (১৬ অক্টোবর) বেলা ১১টার দিকে এসআরবি-৫-এর পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে সিপিসি-১ ও এসআরবি-৫-এর বোমা নিষ্ক্রিয়করণ ইউনিট যৌথভাবে এ অভিযান পরিচালনা করে। অভিযানে ৯২টি ককটেল, প্রায় ১২ কেজি সাদা রঙের গানপাউডারসদৃশ পাউডার, দুটি হাসুয়া ও বিস্ফোরক তৈরির বিভিন্ন উপকরণ উদ্ধার করা হয়।
অভিযানকালে ঘটনাস্থলে কাউকে পাওয়া যায়নি। এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি। এসআরবি-৫-এর ধারণা, দেশের বিভিন্ন স্থানে নাশকতা সৃষ্টির উদ্দেশ্যে দুষ্কৃতকারীরা এসব বিস্ফোরক ও সরঞ্জাম আমবাগানটিতে মজুত করে রেখেছিল।
উদ্ধার করা আলামত পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
ভোরের আকাশ/সু.পা