প্রতিশ্রুতি বাস্তবায়নে ছুটছেন প্রধানমন্ত্রী: মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী

মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট আহমেদ আযম খান বলেছেন, আমরা চাই বাংলাদেশটা পৃথিবীর বুকে সম্মানের সাথে মাথা উঁচু করে দাঁড়াক। আমাদের প্রধানমন্ত্রী সকাল ৮টায় তার কর্মযজ্ঞ শুরু করে করেন রাত ১২টা পর্যন্ত।
আর তার সাথে আমরা যারা মন্ত্রিপরিষদে আছি, প্রত্যেকে আমাদের জীবন শুরু হয় সকাল ৮টায় আর শেষ করি রাত ১২টায়। এত কিছুর পরেও কিন্তু একদিনের জন্যও ছুটি নিই না। সরকারি কর্মকর্তাদের সপ্তাহে ছুটি থাকে দুইদিন। আমাদের কোনো শুক্রবার নেই, শনিবার নেই। এভাবে আমরা দিনরাত কাজ করছি।
মঙ্গলবার (২৪ নভেম্বর) টাঙ্গাইলের বাসাইল উপজেলার কাউলজানী নওশেরীয়া উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সরকার গঠনের প্রেক্ষাপট ও চলমান উদ্যোগ তুলে ধরে মন্ত্রী বলেন, আমরা খুব শূন্য হাতে সরকার গঠন করেছি, একবারে শূন্য হাতে। ড. ইউনূস যে মাসে বিদায় নিলেন নির্বাচন দিয়ে, সে মাসে সরকারের কর্মকর্তা-কর্মচারীদের বেতন দেওয়াও কঠিন হয়ে পড়েছিল। এরকম একটা শূন্য হাতে সরকার গঠন করেও আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমান একে একে নির্বাচনি প্রতিশ্রুতি ও ইশতেহারগুলো বাস্তবায়ন শুরু করেছেন। তিনি জানান, ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড ও হেলথ কার্ড দেওয়া শুরু হয়েছে। পাশাপাশি দেশে ১৫১ শয্যা বিশিষ্ট ৬শ’ হাসপাতাল করার উদ্যোগ নেওয়া হয়েছে, যার টেন্ডার আগামী সপ্তাহেই হয়ে যাবে। প্রধানমন্ত্রী এমন দুঃসাহসিক কাজ শুরু করে দিয়েছেন বলে মন্তব্য করেন তিনি।
নাশকতা ও জ্বালাও-পোড়াওয়ের বিরুদ্ধে সতর্ক করে অ্যাডভোকেট আহমেদ আযম খান বলেন, এই মুহূর্তে যদি আমাদের অর্থনীতিকে ধ্বংস করার জন্য আমাদেরই কোনো সন্তানেরা নাশকতায় নামে, জ্বালাও-পোড়াওয়ে নামে, তাহলে কি আমরা দেশটা গড়ে তুলতে পারব? আপনাদের কাছে অনুরোধ থাকল, আমাদের কারও সন্তান, কারও ভাই, কারও আত্মীয় যেন নাশকতামূলক কর্মকাণ্ডে জড়িত না হয়।
দেশ গঠনে জাতীয় ঐক্যের ওপর গুরুত্বারোপ করে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী বলেন, আমরা দেশটাকে সুন্দর, চমৎকার, গণতান্ত্রিক ও সমৃদ্ধ বাংলাদেশ হিসেবে গড়তে চাই। শুধু একা সরকারের পক্ষে তা সম্ভব নয়, সেজন্য দরকার পুরো জাতির ঐক্য-যে ঐক্যের কথা প্রধানমন্ত্রী বারবার বলে আসছেন। তিনি উপস্থিত এলাকাবাসীর উদ্দেশে বলেন, আপনারাও এই অঞ্চলের বাসিন্দা, আপনাদের আত্মীয়স্বজন শিল্পাঞ্চলসহ সারাদেশে ছড়িয়ে আছে। আপনারাও লক্ষ্য রাখবেন, কেউ যাতে কোনো রকম ধ্বংসাত্মক ও নাশকতামূলক কর্মকাণ্ডে যুক্ত না হয়। আসুন আমরা সকলে মিলে এই বাংলাদেশটাকে গড়ি।
কাউলজানী নওশেরীয়া উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি অ্যাডভোকেট মাসুদুর রহমান মিয়ার সভাপতিত্বে মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট আহমেদ আযম খানের সহধর্মিণী বেগম নার্গিস সিদ্দিকা, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইকবাল হোসেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাহিয়ান মুনসীফ, টাঙ্গাইলের সহকারী পুলিশ সুপার (সখীপুর সার্কেল) একে এম মামুনুর রশীদ, জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক আবুল কাশেম মিয়া, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মামুন আল জাহাঙ্গীর ও সাবেক সভাপতি এনামুল করিম অটল, সাধারণ সম্পাদক নূরনবী আবু হায়াত খান নবু, পৌর বিএনপির সভাপতি আক্তারুজ্জামান তুহিন, সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ পিন্টুসহ বীর মুক্তিযোদ্ধা, স্কুলের শিক্ষক শিক্ষিকা ও ছাত্রছাত্রী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
অনুষ্ঠান সঞ্চালনা করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ ছানোয়ার হোসেন ও সহকারী শিক্ষক পারভেজ খান।
ভোরের আকাশ/ এনউব