টাঙ্গাইলে বাসে অগ্নিসংযোগ মামলায় নেতা মনুজ গ্রেপ্তার

টাঙ্গাইলের বাসাইলে চলন্ত বাসে অগ্নিসংযোগের ঘটনায় দায়ের করা মামলায় কৃষক শ্রমিক জনতা লীগ নেতা মনিরুজ্জামান খান মনুজকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (২০ আগস্ট) দুপুরে বাসাইল উপজেলা পরিষদ গেট এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার মনিরুজ্জামান খান মনুজ উপজেলার কাউলজানী ইউনিয়নের কলিয়া গ্রামের বাসিন্দা। তিনি উপজেলা কৃষক শ্রমিক জনতা লীগের প্রচার সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।
পুলিশ ও মামলা সূত্রে জানা যায়, ২০২৫ সালের ১২ নভেম্বর ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের বাসাইল উপজেলার বাঐখোলা এলাকায় একটি চলন্ত বাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এ ঘটনায় পরদিন ১৩ নভেম্বর সন্ত্রাসবিরোধী আইনে বাসাইল থানায় মামলা করা হয়।
ওই মামলায় মনিরুজ্জামান খান মনুজকে সন্দেহভাজন আসামি হিসেবে উল্লেখ করা হয়। পরে মামলার তদন্তের অংশ হিসেবে বৃহস্পতিবার তাকে গ্রেপ্তার করে পুলিশ।
গ্রেপ্তারের পর আইনি প্রক্রিয়া শেষে তাকে আদালতে পাঠানো হয়েছে।
সম্প্রতি ১৫ আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে উপজেলা কৃষক শ্রমিক জনতা লীগ আয়োজিত দোয়া মাহফিলে মনিরুজ্জামান খান মনুজের অংশ নেওয়ার বিষয়টি রাজনৈতিক মহলে আলোচনায় আসে।
বাসাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর কবির গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন, আইনি প্রক্রিয়া শেষে মনিরুজ্জামান খান মনুজকে আদালতে পাঠানো হয়েছে।
ভোরের আকাশ/জেআ