পুলিশ পরিচয়ে মহাসড়কে ডাকাতি ৫২ টি ছাগলসহ গাড়ী লুট

ঢাকা যাত্রাবাড়ী থেকে ছাগল ক্রয় করে নোয়াখালি যাওয়ার পথে পুলিশ পরিচয়ে ৫২ টি ছাগলসহ একটি পিকআপ গাড়ী লুট করে নিয়ে যায় সংঘবদ্ধ একটি ডাকাতদল। বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) ভোরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার দড়িকান্দি বাসস্টান্ড এলাকায় এঘটনা ঘটে। এসময় ডাকাতদল নগদ টাকা ও মোবাইল ফোন লুট করে নিয়ে যায়। এঘটনায় ছাগলের বেপারী মনির হোসেন বাদী হয়ে সোনারগাঁ থানায় একটি ডাকাতি মামলা দায়ের করেছেন।
বাদী তার দায়েরকৃত মামলার এজহারে উল্লেখ্য করেন, ঢাকা যাত্রাবাড়ীর একটি আড়ৎ থেকে ৫২ টি ছাগল (ঢাকা মেট্টো-ন ১২-২৫৪৬) একটি পিকআপ ভ্যান ভর্তি করে নোয়াখালি মাইজদী উদয় সাধুর হাটে যাওয়ার পথে, গত বৃহস্পতিবার ভোরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দড়িকান্দি বাসস্টান্ড এলাকায় একটি অজ্ঞাত সাদা রংয়ের মাইক্রোবাস পেছন থেকে লেজার টর্চ লাইট ব্যবহার করে পিকআপ ভ্যানের গতিরোধ করে।এসময় পুলিশের কটি পড়া, কোমড়ে পিস্তল ও একটি ওয়াকিটকি হাতে একজন ডাকাত তাকে পুলিশ পরিচয় দিয়ে চালকের নিকট গাড়ীর কাগজপত্র দেখতে চায়। গাড়ীতে মাদক আছে বলে তাদের গাড়ী থেকে নামতে বলে।
এসময় সাদা রংয়ের মাইক্রোবাসে থাকা আরো অজ্ঞাত ৬/৭ জন ডাকাত নেমে ছাগলের বেপারী মনির হোসেন, তার সহযোগী লিটন মিয়া ও গাড়ীর চালক ফরহাদ মিয়াকে তাদের মাইক্রোবাসে তুলে হাত, পাঁ, মুখ বেধে নেয়। পরে ডাকাত দলের একজন সদস্য ছাগল ভর্তি পিকআপ ভ্যানটি নিয়ে কুমিল্লার দিকে রওয়ানা দেয়।
অপর দিকে, ছাগলের বেপারী মনির হোসেন, তার সহযোগী লিটন মিয়া ও গাড়ীর চালক ফরহাদ মিয়াকে মারধর করে তাদের সঙ্গে থাকা নগদ টাকা ও দুটি মোবাইল সেট লুট করে নেয়। পরবর্তীতে তাদেরকে হাত, পাঁ, মুখ অবস্থায় ঢাকা সিলেট মহাসড়কের রূপগঞ্জের ভুলতা গাউছিয়া এলাকায় রাস্তার পাশে ফেলে যায় ডাকাত দল। এবিষয়ে ছাগল ব্যবসায়ী মনির হোসেন জানান, ৫২ টি ছাগলের মূল্য ৫ লাখ ত্রিশ হাজার টাকা, নগদ আরো পনের হাজার টাকা ও দুটি মোবাইল ফোন লুট করে নিয়েছে ডাকাত দল। পিকআপ গাড়ীর মূল্য প্রায় সাত লাখ টাকা। ডাকাতির ঘটনায় তাদের প্রায় ১৩ লাখ টাকার ক্ষতি হয়েছে।
সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মহিবুল্লাহ জানান, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দড়িকান্দি বাসস্টান্ড এলাকায় পুলিশ পরিচয়ে ডাকাতির ঘটনায় একটি মামলা নেওয়া হয়েছে। ডাকাত চক্রের সদস্যদের ধরতে এবং ছাগল ও গাড়ী উদ্ধারে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।
ভোরের আকাশ/তা.কা