ময়মনসিংহে বাবজু হত্যার বিচার দাবিতে এলাকাবাসীর মানববন্ধন

ময়মনসিংহের খাগডহর এলাকায় ফুটবল খেলাকে কেন্দ্র করে বিরোধের জেরে বাবজু ওরফে বাবলু হত্যার ঘটনায় জড়িতদের গ্রেপ্তার ও ফাঁসির দাবিতে মানববন্ধন করেছেন এলাকাবাসী। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টা থেকে প্রায় দুই ঘণ্টা ময়মনসিংহের রহমতপুর বাইপাস মোড়ে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
খবর পেয়ে কোতোয়ালি মডেল থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়। এ সময় পুলিশ মানববন্ধনে অংশ নেওয়া লোকজনকে মামলার আসামিদের গ্রেপ্তার ও ন্যায়বিচারের আশ্বাস দিলে তারা মানববন্ধন প্রত্যাহার করে নেন।
পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ২৪ আগস্ট কোতোয়ালি থানার খাগডহর এলাকায় ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে ঝগড়া-বিবাদ শুরু হয়। এ সময় বিরোধ মেটাতে বাবজু ওরফে বাবলু (২৭) এগিয়ে গেলে মামলার এজাহারে অভিযুক্ত সাকিব, রায়হান, মনির, রকি, কামালসহ অন্যরা তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করেন বলে অভিযোগ করা হয়েছে।
এজাহারে আরও উল্লেখ করা হয়, খাগডহর আলালের মোড় কান্দাবাড়ী এলাকার সাইফুলের পুকুরপাড়ে এ হামলার ঘটনা ঘটে। এতে আরও চার থেকে পাঁচজন আহত হন।
গুরুতর আহত বাবজুকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় ২৬ আগস্ট কোতোয়ালি মডেল থানায় মামলা করা হয়। মামলাটিতে ১৪ জনের নাম উল্লেখ করে পেনাল কোডের বিভিন্ন ধারায় হত্যা মামলা রুজু করা হয়েছে।
এলাকাবাসীর দাবি, দ্রুত মামলার সব আসামিকে গ্রেপ্তার করে আইনের আওতায় আনতে হবে। একই সঙ্গে বাবজু হত্যার সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচার নিশ্চিত করার দাবি জানান তারা।
ভোরের আকাশ/সু.পা