চবিতে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ‘গৌরব, ঐতিহ্য, সংগ্রাম ও সাফল্যের’ ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় জাতীয়তাবাদী পরিবারের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) রাত ৮টায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মেরিন সায়েন্সেস অ্যান্ড ফিশারিজ অনুষদ অডিটোরিয়ামে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ আল্-ফোরকান। এতে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (একাডেমিক) প্রফেসর ড. মোহাম্মদ আল-আমীন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য (প্রশাসন) প্রফেসর ড. মো. সফিকুল ইসলাম।
প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ আল্-ফোরকান বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের উন্নয়ন ও উৎপাদনের রাজনীতি, বেগম খালেদা জিয়ার আপসহীন গণতান্ত্রিক আদর্শ এবং তারেক রহমানের মেধাভিত্তিক ও প্রযুক্তিনির্ভর রাষ্ট্রচিন্তা জাতীয়তাবাদী রাজনীতিকে আধুনিক ও গতিশীল ধারায় এগিয়ে নিচ্ছে।
তিনি বলেন, জাতীয়তাবাদ শুধু একটি রাজনৈতিক আদর্শ নয়, এটি একটি দর্শন। ধর্ম-বর্ণ নির্বিশেষে দেশের সব মানুষকে ঐক্যবদ্ধ করার এ দর্শনের মূল ভিত্তি হচ্ছে গণতন্ত্র, জাতীয় ঐক্য, মানুষের অধিকার ও দেশের উন্নয়ন।
বিশ্ববিদ্যালয়ের পরিবেশ প্রসঙ্গে উপাচার্য বলেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রশাসন সুন্দর, নিরাপদ ও বৈষম্যহীন পরিবেশ নিশ্চিত করতে কাজ করছে। কোনো ব্যক্তি বা গোষ্ঠীর একক আধিপত্য কিংবা পক্ষপাতমূলক আচরণ মেনে নেওয়া হবে না। বিশ্ববিদ্যালয়কে শিক্ষা, গবেষণা ও জ্ঞানচর্চার উৎকৃষ্ট কেন্দ্র হিসেবে গড়ে তোলার লক্ষ্য রয়েছে। এ সময় তিনি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করেন।
সভাপতির বক্তব্যে উপ-উপাচার্য (একাডেমিক) প্রফেসর ড. মোহাম্মদ আল-আমীন বলেন, বিএনপি প্রতিহিংসার রাজনীতিতে বিশ্বাস করে না। অতীতের বঞ্চনা ভুলে শিক্ষা, উন্নয়ন, গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠার রাজনীতিতে এগিয়ে যাওয়ার ওপর গুরুত্ব দেন তিনি।
তিনি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ, বেগম খালেদা জিয়ার নেতৃত্ব ও তারেক রহমানের নেতৃত্বে সামনে এগিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন। পাশাপাশি সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
বিশেষ অতিথির বক্তব্যে উপ-উপাচার্য (প্রশাসন) প্রফেসর ড. মো. সফিকুল ইসলাম বলেন, শহীদ জিয়াউর রহমানের অন্যতম গুরুত্বপূর্ণ অবদান ছিল বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা ও রাজনৈতিক অধিকার ফিরিয়ে দেওয়া। বাংলাদেশি জাতীয়তাবাদের ধারণার মাধ্যমে ধর্ম-বর্ণ নির্বিশেষে দেশের মানুষকে একটি জাতীয় পরিচয়ের বন্ধনে ঐক্যবদ্ধ করার উদ্যোগ নিয়েছিলেন তিনি।
তিনি আরও বলেন, সততা, দেশপ্রেম ও সাধারণ জীবনযাপনের যে দৃষ্টান্ত শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান রেখে গেছেন, তা অনুকরণীয়। তাঁর আদর্শের ধারাবাহিকতায় তারেক রহমানও মেধাভিত্তিক, আধুনিক ও জনকল্যাণমুখী বাংলাদেশ গড়ার লক্ষ্যে কাজ করে যাচ্ছেন।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন কলা ও মানববিদ্যা অনুষদের ডিন প্রফেসর ড. মো. ইকবাল শাহীন খান, জীববিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. এ.এম. মাসুদুল আজাদ চৌধুরী, ছাত্র-ছাত্রী পরামর্শ ও নির্দেশনা পরিচালক প্রফেসর ড. মো. আনোয়ার হোসেন, চবি শহীদ জিয়া স্মৃতি সংসদের সাধারণ সম্পাদক মো. আবদুল ছবুর, চবি শাখা ছাত্রদলের সভাপতি আলাউদ্দিন মহসিন, সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল নোমান, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মো. ইয়াসিন, সাংগঠনিক সম্পাদক সাজ্জাদ হোসেন হৃদয়, চবি কেন্দ্রীয় ছাত্র সংসদ-চাকসুর এজিএস আইয়ুবুর রহমান তৌফিক, চবি ডেপুটি রেজিস্ট্রার মো. খাইরুন্নবী, মো. সেলিম ও আবদুল মন্নান। এছাড়া আবদুল মালেক ও মো. ইস্রাফিল বক্তব্য রাখেন।
অনুষ্ঠান সঞ্চালনা করেন মো. ওসমান গণী। এতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় জাতীয়তাবাদী পরিবারের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।
ভোরের আকাশ/সু.পা