গাজীপুর-৪ আসনে সালাহউদ্দিন আইউবীর শেষ দিনের প্রচারণা মিছিলে গণজোয়ার

গাজীপুর-৪ (কাপাসিয়া) আসনে জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী সালাহউদ্দিন আইউবীর নির্বাচনী প্রচারণার শেষ দিনের গণমিছিল গণজোয়ারে রূপ নেয়।
সোমবার (৯ ফেব্রুয়ারি) সকালে উপজেলা জামায়াতে ইসলাম আয়োজিত শেষ দিনের নির্বাচনী প্রচারণার অংশ হিসাবে গণমিছিলে প্রায় ছয় হাজার নারী-পুরুষ অংশগ্রহণ করেন। এতে দলীয় নেতাকর্মীদের পাশাপাশি বিভিন্ন শ্রেণি-পেশার সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত উপস্থিতি লক্ষ্য করা যায়।
উপজেলার ১১টি ইউনিয়ন থেকে আগত জামায়াত সমর্থিত নারী-পুরুষের সমন্বয়ে সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার তরগাঁও এলাকার সালমান সিএনজি পাম্প এলাকা থেকে দাঁড়িপাল্লা প্রতীকের গণমিছিল শুরু হয়। মিছিলটি ফকির মজনু শাহ সেতু হয়ে শহীদ তাজউদ্দীন আহমদ চত্বর প্রদক্ষিণ করে হাজী মোতাহার হোসেনের বাড়ির সামনে গিয়ে জনসমাবেশে পরিণত হয়। মিছিলে নারী ও পুরুষের সমান অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো।
গণমিছিলে অংশগ্রহণকারীরা জানান, জামায়াতের দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী সালাহউদ্দিন আইউবীর প্রতি সাধারণ মানুষের আস্থা ও জনপ্রিয়তার প্রতিফলন ঘটেছে এই প্রচারণায়। উৎসবমুখর পরিবেশে দাঁড়িপাল্লার স্লোগানে মুখরিত হয়ে ওঠে কাপাসিয়ার নির্বাচনী মাঠ। শেষ দিনের এই গণমিছিলকে ঘিরে এলাকায় সৃষ্টি হয় এক গণতান্ত্রিক উৎসবের আবহ। স্থানীয়দের মতে, এর মাধ্যমে নির্বাচনী মাঠে সালাহউদ্দিন আইউবী নিজের শক্ত অবস্থানের বার্তা দিয়েছেন।
নির্বাচনী প্রচারণার শেষ দিনের জনসমাবেশে সভাপতিত্ব করেন উপজেলা জামায়াতের আমির ফরহাদ হোসেন মোল্লা। উপজেলা জামায়াতের যুগ্ম সম্পাদক আবুল সাত্তারের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য দেন জামায়াতে ইসলামী প্রার্থী সালাহউদ্দিন আইউবী।
তিনি বলেন, ‘দাঁড়িপাল্লা ইনসাফ ও ন্যায়ের প্রতীক। আজকের গণমিছিলে নারী-পুরুষের ব্যাপক উপস্থিতি প্রমাণ করে—ইনশাআল্লাহ ১২ ফেব্রুয়ারি কাপাসিয়া থেকে দাঁড়িপাল্লার নিরঙ্কুশ বিজয় হবে।’ তিনি ভোটারদের ভোটকেন্দ্রে গিয়ে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান। এ সময় তিনি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে ধৈর্য ধারণ, সৌহার্দ্য বজায় রাখা এবং কোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে ভোটকেন্দ্র পাহারায় সচেতন থাকার আহ্বান জানান।
গণমিছিলে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় ছাত্রশিবিরের সাধারণ সম্পাদক সিবগাতুল্লাহ সিবগাহ্ এবং এবি পার্টির কাপাসিয়া উপজেলা আহ্বায়ক মইনুল ইসলাম। তাঁদের উপস্থিতিতে মিছিল আরও প্রাণবন্ত হয়ে ওঠে।
সমাবেশে আরও বক্তব্য দেন গাজীপুর জেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমীর মাওলানা শেফাউল হকসহ বিভিন্ন ইউনিয়ন থেকে আগত নেতৃবৃন্দ।
ভোরের আকাশ/এনএস