বরিশাল জগদীশ সারস্বত মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের সভাপতি হলেন আলহাজ্ব নুরুল আমিন খান

বরিশাল নগরীর ঐতিহ্যবাহী জগদীশ সারস্বত মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের দৈনন্দিন কার্যক্রম ও অন্তর্বর্তীকালীন ব্যবস্থাপনা সচল রাখার লক্ষ্যে ৪ (চার) সদস্য বিশিষ্ট একটি নতুন এডহক কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড, বরিশালের বিদ্যালয় পরিদর্শক মো. সাইফুর রহমান হাওলাদার স্বাক্ষরিত এক অফিস আদেশের মাধ্যমে এই কমিটি অনুমোদনের বিষয়টি নিশ্চিত করা হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, মাধ্যমিক স্তরের বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের গভর্নিং বডি ও ম্যানেজিং কমিটি প্রবিধানমালা-২০২৪ এর ৬৪(১) ধারা অনুযায়ী এই কমিটির অনুমোদন দেওয়া হয়েছে। নবগঠিত এই এডহক কমিটির মেয়াদ ২০ মে, ২০২৬ থেকে আগামী ১৯ নভেম্বর, ২০২৬ পর্যন্ত মোট ৬ মাসের জন্য কার্যকর থাকবে।
অনুমোদিত ৪ সদস্যের কমিটির দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিরা হলেন- সভাপতি আলহাজ্ব নুরুল আমিন (শিক্ষা বোর্ড কর্তৃক মনোনীত)। শিক্ষক সদস্য মো. তাহিরুল ইসলাম খান (জেলা শিক্ষা অফিসার কর্তৃক মনোনীত) এবং এস.এম সাইফুল আলম (জেলা প্রশাসক / উপজেলা নির্বাহী অফিসার কর্তৃক মনোনীত)। অভিভাবক সদস্য এস.এম সাইফুল আলম (জেলা প্রশাসক / উপজেলা নির্বাহী অফিসার কর্তৃক মনোনীত)। সদস্য সচিব প্রধান শিক্ষক (পদাধিকারবলে, জগদীশ সারস্বত মাধ্যমিক বালিকা বিদ্যালয়)।
সংশ্লিষ্ট বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য এই আদেশের অনুলিপি সংশ্লিষ্ট উপজেলার উপজেলা নির্বাহী অফিসার (UNO), জেলা শিক্ষা অফিসার, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এবং বিদ্যালয়ের নবগঠিত কমিটির সভাপতি ও সদস্যদের কাছে পাঠানো হয়েছে।
সংশ্লিষ্টরা আশা প্রকাশ করছেন, নতুন এই এডহক কমিটির সুষ্ঠু নির্দেশনায় বিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম ও প্রশাসনিক গতিশীলতা আরও বৃদ্ধি পাবে।
ভোরের আকাশ/ইউএম