কালিয়ায় হিন্দুদের বাড়িঘরে হামলার খবর গুজব, দাবি স্থানীয়দের

তাঁদের দাবি, কালিয়ার হিন্দু-অধ্যুষিত ঘোষপাড়াসহ বিভিন্ন এলাকায় সবাই নিরাপদে বসবাস করছেন। পুলিশও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এসব খবরকে মিথ্যা ও ভিত্তিহীন বলে দাবি করেছে।
পুলিশ ও স্থানীয় হিন্দু সম্প্রদায়ের লোকজন জানান, বড়কালিয়া ঘোষপাড়াসহ হিন্দু-অধ্যুষিত এলাকায় বাড়িঘর কিংবা ব্যবসাপ্রতিষ্ঠানে কোনো ধরনের ভাঙচুর বা অগ্নিসংযোগের ঘটনা ঘটেনি। কালিয়া পৌরসভার বেন্দারচর গ্রাম ও আশপাশের এলাকায় কোনো হিন্দু পরিবার বসবাস করে না। বেন্দারচর থেকে হিন্দু-অধ্যুষিত ঘোষপাড়ার দূরত্ব অন্তত চার কিলোমিটার।
কালিয়া পূজা উদযাপন পরিষদের সভাপতি ও স্থানীয় বণিক সমিতির সভাপতি অশোক ঘোষ বলেন, ‘কালিয়ায় হিন্দুদের বাড়িতে ভাঙচুর কিংবা অগ্নিসংযোগের কোনো ঘটনা ঘটেনি। এখানে হিন্দু সম্প্রদায়ের সবাই নিরাপদে আছেন। শত শত হিন্দু বাড়ি পুড়িয়ে দেওয়ার যে খবর ফেসবুকে ছড়ানো হচ্ছে, তা সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন।’
ঘোষপাড়ার বাসিন্দা গোপী ঘোষ বলেন, ‘কালিয়ায় আমাদের বাড়িঘরে ভাঙচুর ও অগ্নিসংযোগের কোনো ঘটনা ঘটেনি। কোনো বাড়িঘরে হামলাও হয়নি। আমরা শান্তিতে আছি। পুরোপুরি মিথ্যা তথ্য ফেসবুকে ছড়ানো হয়েছে। বরং বিএনপির লোকজন আমাদের সবসময় দেখেশুনে রাখছেন।’
একই এলাকার বাসিন্দা বিমান ঘোষ বলেন, ‘আমাদের এখানে (ঘোষপাড়া) আগুনের কোনো ঘটনা ঘটেনি। যেটা প্রচার করা হচ্ছে, তা পুরোপুরি মিথ্যা। একটি বাড়িও ক্ষতিগ্রস্ত হয়নি। আমাদের কোনো ধরনের সমস্যা নেই। নির্বিঘ্নে বসবাস করছি।’
কালিয়া বাজারের একাধিক হিন্দু ব্যবসায়ীও তাঁদের বাড়িঘর ও ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ কিংবা লুটপাটের ঘটনা ঘটেনি বলে দাবি করেছেন। তাঁরা বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়ানো খবর ও লোকমুখে প্রচারিত গুজব দেখে তাঁরা বিস্মিত। তাঁদের অভিযোগ, বাস্তবতার সঙ্গে মিল না থাকা এসব তথ্যের মাধ্যমে বর্তমান সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ণ করার চেষ্টা করা হচ্ছে।
কালিয়া উপজেলা পূজা উদযাপন ফ্রন্টের সাধারণ সম্পাদক অরূপ ঘোষ বলেন, ‘আমরা বিভিন্ন ফেসবুক পেজে দেখছি, দুই শতাধিক হিন্দুর বাড়িঘর জ্বালিয়ে দেওয়া হয়েছে। এটা সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন ও গুজব। কালিয়া ঘোষপাড়াসহ সনাতন সম্প্রদায়ের বাড়িঘরে অগ্নিসংযোগ, ভাঙচুর কিংবা কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি। আমরা সুখে-শান্তিতে বসবাস করছি। সামাজিক যোগাযোগমাধ্যমে যা প্রচার হয়েছে, তা মিথ্যা ছাড়া কিছুই নয়। আশপাশে খোঁজ নিয়েছি, স্বজনদের সঙ্গে কথা বলেছি। এখন পর্যন্ত হিন্দু সম্প্রদায়ের এমন কাউকে পাওয়া যায়নি, যিনি তাঁর বাড়ি ক্ষতিগ্রস্ত হওয়ার কথা জানিয়েছেন।’
বিএনপির কালিয়া উপজেলা কমিটির সাধারণ সম্পাদক স ম ওয়াহিদুজ্জামান মিলু বলেন, বিএনপিকে হেয়প্রতিপন্ন করতে কালিয়ায় হিন্দু সম্প্রদায়ের বাড়িঘরে অগ্নিসংযোগ, ভাঙচুর ও লুটপাটের মিথ্যা খবর ছড়ানো হচ্ছে। তিনি বলেন, তাঁদের দলের দুই ব্যক্তি আওয়ামী লীগের লোকজনের হাতে খুন হওয়ার পর কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে দলীয় নেতাকর্মীদের নিয়ে তাঁরা সতর্ক অবস্থানে রয়েছেন। কালিয়া বাজারের ব্যবসায়ীরা স্বাভাবিকভাবে ব্যবসা পরিচালনা করছেন বলেও উল্লেখ করেন তিনি।
নড়াইল জেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. মনিরুল ইসলাম বলেন, ‘গত শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যার পর আমরা দেখতে পেলাম, কালিয়ায় বাড়িঘর, বিশেষ করে হিন্দু সম্প্রদায়ের বাড়িঘর ভাঙচুর নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচার ছড়ানো হচ্ছে। যেগুলো আদৌ ঠিক নয়। হিন্দু সম্প্রদায়ের কারও বাড়িতে হামলা কিংবা অগ্নিসংযোগের ঘটনা ঘটেনি। ফেসবুকে যা ছড়ানো হয়েছে, সবই গুজব। নড়াইলকে আমরা নিরাপদ রাখতে চাই।’
নড়াইল-১ আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সভাপতি বিশ্বাস জাহাঙ্গীর আলমও হিন্দু সম্প্রদায়ের বাড়িঘর ও ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা, ভাঙচুর কিংবা অগ্নিসংযোগের অভিযোগ অস্বীকার করেছেন। তিনি বলেন, ‘গত সংসদ নির্বাচনে হিন্দু ভাইয়েরা আমাদের ৯০ শতাংশ ভোট দিয়েছেন। আমরা তাঁদের সঙ্গে আছি, তাঁরাও আমাদের সঙ্গে আছেন। আমাদের নেতাকর্মীরা তাঁদের বাড়িঘর জ্বালিয়েছে বা লুটপাট করেছে—এমন ঘটনা সম্পূর্ণ ভিত্তিহীন, একদম কাল্পনিক। এআই দিয়ে তৈরি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার করে বিএনপির ঘাড়ে মিথ্যাভাবে দায় চাপানো হচ্ছে। বিএনপিকে হেয়প্রতিপন্ন করার জন্য এসব অপপ্রচার নিষিদ্ধ ঘোষিত দলের লোকজন করছে।’
বিএনপি ও স্থানীয় সূত্রে জানা যায়, আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে গত বুধবার (১৮ নভেম্বর) বিকেলে বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা মোটরসাইকেল নিয়ে কালিয়ায় মিছিল বের করেন। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে সন্ধ্যায় কালিয়া পৌরসভার বেন্দারচর বটতলা এলাকায় পৌঁছালে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা হামলা চালান বলে অভিযোগ করেন স্থানীয় বিএনপি নেতাকর্মীরা।
এ সময় কালিয়া পৌর কৃষকদলের সাধারণ সম্পাদক শাহীন মোল্যা ও জাসাসের কালিয়া উপজেলা শাখার সাধারণ সম্পাদক সোহেল মোল্যাকে কুপিয়ে জখম করা হয়। খুলনায় নেওয়ার পথে তাঁদের মৃত্যু হয় বলে স্থানীয় বিএনপি সূত্রে জানা গেছে।
কালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইদ্রিস আলী বলেন, গত ১৮ নভেম্বর বুধবার সন্ধ্যা ৬টার দিকে কালিয়া থানার বেন্দারচর এলাকায় শাহীন শেখ (৪৫) ও সোহেল মোল্যা (৪০) নামে দুজন খুন হন। এ হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে তাৎক্ষণিকভাবে দিশা বিশ্বাস (৩১) ও রাকিব বিশ্বাস (২১) নামে দুজনকে আটক করা হয়।
ওসি আরও বলেন, এ ঘটনাকে কেন্দ্র করে কালিয়া উপজেলার বেন্দারচর গ্রাম কিংবা উপজেলা সদরের হিন্দু ধর্মাবলম্বীদের বাড়িঘরে ভাঙচুর ও অগ্নিসংযোগের যে তথ্য ফেসবুকে ছড়ানো হয়েছে, তা সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন ও বানোয়াট। উদ্দেশ্যপ্রণোদিতভাবে দেশ-বিদেশে সরকার ও দেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ করতে আগে ধারণ করা এবং এআই দিয়ে তৈরি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে গুজব ছড়ানো হচ্ছে।
ভোরের আকাশ/সু.পা