মো. নূরুল আমিন বাংলাদেশ প্রাণিবিজ্ঞান সমিতির সহসভাপতি নির্বাচিত

কুমিল্লার মনোহরগঞ্জের কৃতি সন্তান মো. নূরুল আমিন বাংলাদেশ প্রাণিবিজ্ঞান সমিতির দুই বছর মেয়াদি (২০২৬-২০২৭) কমিটিতে সর্বোচ্চ ভোট পেয়ে সহসভাপতি নির্বাচিত হয়েছেন।
দেশের প্রাণিবিজ্ঞানীদের অন্যতম বৃহৎ এই সংগঠনের গুরুত্বপূর্ণ পদে তাঁর নির্বাচিত হওয়ার খবরে নিজ এলাকা ও শুভাকাঙ্ক্ষীদের মধ্যে আনন্দের সৃষ্টি হয়েছে।
২৬ সেপ্টেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে বাংলাদেশ প্রাণিবিজ্ঞান সমিতির সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে সংগঠনটির ২০২৬-২০২৭ মেয়াদের নতুন কমিটি নির্বাচিত হয়। এতে সর্বোচ্চ ভোট পেয়ে সহসভাপতি নির্বাচিত হন মো. নূরুল আমিন। তাঁর বাড়ি কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার সালেপুর গ্রামে।
সম্মেলনে প্রধান অতিথি ছিলেন জাতীয় সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম মনি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এবিএম ওবায়দুল ইসলাম, মৎস্য অধিদপ্তরের মহাপরিচালক ড. খালেদ কনক, বন বিভাগের প্রধান বন সংরক্ষক আমির হোসেন চৌধুরী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের জীববিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক আব্দুর করিম, প্রাণিবিজ্ঞান বিভাগের চেয়ারম্যান অধ্যাপক আমিনুল ইসলাম ভূঁইয়া, বাংলাদেশ প্রাণিবিজ্ঞান সমিতির সভাপতি অধ্যাপক হামিদা খানম ও সাধারণ সম্পাদক অধ্যাপক ছগীর আহমেদ। এ ছাড়া দেশের বিশিষ্ট প্রাণিবিজ্ঞানী ও সমিতির বিপুলসংখ্যক সদস্য সম্মেলনে উপস্থিত ছিলেন।
মো. নূরুল আমিন ১৯৬১ থেকে ১৯৬৪ সাল পর্যন্ত লৎসর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পড়াশোনা করেন। এরপর ১৯৬৫ থেকে ১৯৬৯ সাল পর্যন্ত লাকসাম পাইলট উচ্চ বিদ্যালয়, ১৯৭০ থেকে ১৯৭২ সাল পর্যন্ত কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ এবং ১৯৭৩ থেকে ১৯৭৭ সাল পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগে অধ্যয়ন করেন।
তিনি ১৯৭৫ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বিএসসি (সম্মান) এবং ১৯৭৬ সালে এমএসসি ডিগ্রি অর্জন করেন। ১৯৮০ সালে প্রথম শ্রেণির গেজেটেড কর্মকর্তা হিসেবে চাকরিজীবন শুরু করেন। সরকারি বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালনের পর ২০১৪ সালে আঞ্চলিক মৎস্য পরিচালক পদ থেকে অবসর নেন।
চাকরিজীবনে তিনি একটি আন্তর্জাতিক সংস্থায় পাঁচ বছর পরামর্শক হিসেবে দায়িত্ব পালন করেন। অবসরের পরও বিভিন্ন প্রতিষ্ঠানে খণ্ডকালীন পরামর্শক হিসেবে কাজ করে আসছেন। পাশাপাশি তিনি বিভিন্ন সামাজিক ও সমাজসেবামূলক কর্মকাণ্ডে নিয়মিতভাবে যুক্ত রয়েছেন।
বাংলাদেশ প্রাণিবিজ্ঞান সমিতির সহসভাপতি নির্বাচিত হওয়ায় নূরুল আমিনকে নিজ এলাকার মানুষ, শুভাকাঙ্ক্ষী ও সমিতির সদস্যরা অভিনন্দন জানিয়েছেন। তাঁকে ফুলেল শুভেচ্ছাও জানানো হয়েছে। নতুন দায়িত্ব পালনে তিনি সবার দোয়া ও সহযোগিতা কামনা করেছেন।
ভোরের আকাশ/সু.পা