৪৭ হাজার কোটি টাকার প্রকল্প
ছয় লেন হচ্ছে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে দীর্ঘদিনের যানজট ও যাত্রীভোগান্তি কমাতে প্রায় ৪৭ হাজার কোটি টাকা ব্যয়ে ১৫৯ কিলোমিটার সড়ক ছয় লেনে উন্নীত করার পরিকল্পনা নেওয়া হয়েছে। প্রকল্পটি বাস্তবায়িত হলে ঢাকা থেকে কক্সবাজার যেতে সময় লাগতে পারে ৬ থেকে ৭ ঘণ্টা। আর চট্টগ্রাম থেকে কক্সবাজার পৌঁছানো যাবে ২ থেকে আড়াই ঘণ্টায়।
বর্তমানে ছুটির দিন ও ঈদ মৌসুমে মহাসড়কের পটিয়া বাইপাস, দোহাজারী, কেরানীহাট, লোহাগাড়া ও চকরিয়া—এই পাঁচটি গুরুত্বপূর্ণ এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়। এসব স্থানে ঘণ্টার পর ঘণ্টা আটকে থাকতে হয় যাত্রীদের। যানজটের কারণে স্বাভাবিক সময়ের তুলনায় অতিরিক্ত ২ থেকে ৩ ঘণ্টা ব্যয় হয়। ঈদের ছুটিতে কখনো কখনো এই ভোগান্তি বেড়ে ৫ থেকে ৬ ঘণ্টায় পৌঁছায়।
জাপানের আন্তর্জাতিক সহযোগিতা সংস্থা জাইকার অর্থায়নে মহাসড়কটি ছয় লেনে উন্নীত করার পরিকল্পনা নেওয়া হয়েছে। প্রকল্পের আওতায় চারটি নতুন বাইপাস নির্মাণের পাশাপাশি সাতকানিয়ার কেরানীহাটে ৩ দশমিক ৫ কিলোমিটার দীর্ঘ ছয় লেনের ফ্লাইওভার নির্মাণের পরিকল্পনা রয়েছে।
প্রকল্পটি বাস্তবায়িত হলে কক্সবাজারের রেলপথ, আন্তর্জাতিক বিমানবন্দর ও উন্নত সড়ক যোগাযোগের সমন্বয়ে বহুমাত্রিক যোগাযোগব্যবস্থা গড়ে উঠবে। একই সঙ্গে মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর ও মহেশখালী অর্থনৈতিক অঞ্চলের পণ্য পরিবহন আরও সহজ হবে। এতে চট্টগ্রাম বন্দর ও ঢাকার সঙ্গে পণ্য পরিবহনে সময় ও ব্যয় কমার সম্ভাবনা রয়েছে।
সংশ্লিষ্ট তথ্য অনুযায়ী, জাইকা ইতোমধ্যে প্রকল্পের চূড়ান্ত সমীক্ষা প্রতিবেদন সড়ক ও জনপথ বিভাগকে দিয়েছে। প্রাথমিক পর্যায়ে বাইপাস ও ফ্লাইওভারের কাজ ২০২৯ সালের মধ্যে শেষ করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।
প্রায় ৪৭ হাজার কোটি টাকার এই বৃহৎ প্রকল্প বাস্তবায়ন কতটা যৌক্তিক? চট্টগ্রাম, কক্সবাজারসহ দেশের বিভিন্ন অঞ্চলের পর্যটক, যাত্রী ও পণ্য পরিবহনের স্বার্থে ছয় লেনের মহাসড়ক নির্মাণ কতটা জরুরি? পটিয়া, কেরানীহাট কিংবা চকরিয়ার যানজটে আপনার সবচেয়ে দীর্ঘ অপেক্ষার অভিজ্ঞতা কত ঘণ্টার? এ বিষয়ে আপনার মতামত জানান।
ভোরের আকাশ/সু.পা