টঙ্গীতে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে নারী-শিশুসহ দগ্ধ ৩

গাজীপুরের টঙ্গীতে গ্যাস সিলিন্ডারের পাইপে ছিদ্র থেকে জমে থাকা গ্যাস বিস্ফোরিত হয়ে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে নারী ও শিশুসহ তিনজন দগ্ধ হয়েছেন। তাদের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা।
রোববার (২২ নভেম্বর) রাত সাড়ে ৯টার দিকে টঙ্গী পশ্চিম থানার দাঁড়াইল পশ্চিমপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
দগ্ধ ব্যক্তিরা হলেন খুলনার কয়রা থানার আশফাক গাজীর ছেলে মো. তরিকুল ইসলাম (২৬), ঝালকাঠির চরবিশ্বাস এলাকার সুলতান মৃধার মেয়ে মনিরা আক্তার (৩০) এবং নরসিংদীর পাঁচদোনা এলাকার সুমন ও মনিরা আক্তার দম্পতির ছেলে আরাফাত (৬)। তারা সবাই দাঁড়াইল পশ্চিমপাড়ার জুতার কারখানা সংলগ্ন জাহানারা বেগমের টিনশেড বাড়ির ভাড়াটিয়া।
স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা যায়, রাতে তরিকুল ইসলামের কক্ষের রান্নাঘরে থাকা গ্যাস সিলিন্ডারের পাইপে ছিদ্র হয়ে গ্যাস বের হতে থাকে। ঘরের ভেতরে গ্যাস জমে যাওয়ার পর হঠাৎ বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে তরিকুলের কক্ষসহ পাশের ঘরে। এতে পাশের কক্ষে থাকা মনিরা ও তার ছেলে আরাফাতসহ তিনজন দগ্ধ হন।
বিস্ফোরণের শব্দ শুনে বাড়ির অন্য ভাড়াটিয়া ও স্থানীয় বাসিন্দারা দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন। তারা আগুন নেভানোর চেষ্টা করেন। পরে খবর পেয়ে টঙ্গী ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
দগ্ধদের উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হয়। সেখানে জরুরি বিভাগের চিকিৎসকরা প্রাথমিক চিকিৎসা ও পরীক্ষা-নিরীক্ষা শেষে তাদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে পাঠান।
টঙ্গী ফায়ার সার্ভিসের জ্যেষ্ঠ কর্মকর্তা মো. শাহিন আলম জানান, গ্যাস সিলিন্ডারের পাইপ থেকে আগুনের সূত্রপাত হয়ে তিনজন দগ্ধ হয়েছেন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। দগ্ধদের ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।
ভোরের আকাশ/ এনউব