১১ ব্যাংকের অর্থ লুট করে বিদেশে পাচার হয়েছে: এমপি আবুল খায়ের

রাষ্ট্রের ১১টি ব্যাংকের অর্থ লুটপাট করে বিদেশে পাচারের অভিযোগ করেছেন লক্ষ্মীপুর-২ আসনের সংসদ সদস্য আবুল খায়ের ভূঁইয়া। তিনি বলেছেন, আগের সরকারের সময়ে অর্থনীতি ও অবকাঠামোতে ব্যাপক ক্ষতি হয়েছে। সেই সংকট সামাল দিয়েই বর্তমান সরকারকে দেশ পরিচালনা করতে হচ্ছে।
শনিবার (২৬ সেপ্টেম্বর) দুপুরে লক্ষ্মীপুরের রায়পুরে প্রিন্সিপাল কাজী ফারুকী স্কুল অ্যান্ড কলেজ ও ডিপ্লোমা ইনস্টিটিউটের নবীনবরণ ও সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য দেওয়ার সময় তিনি এসব কথা বলেন।
এমপি আবুল খায়ের ভূঁইয়া বলেন, ক্ষমতায় আসার পর মাত্র সাত মাসে সব সমস্যা সমাধান করা সম্ভব নয়। একই সময়ে বিভিন্ন সংকট মোকাবিলা, রাষ্ট্রীয় ব্যয় পরিচালনা এবং বিদেশি ঋণের অর্থ পরিশোধের মতো নানা দায়িত্ব সরকারকে নিতে হচ্ছে।
তিনি বলেন, ‘রাষ্ট্রের ১১টা ব্যাংকের টাকা লুট করা হয়েছে। দেশের মানুষের টাকা-পয়সা লুটপাট করে বিদেশে পাচার করা হয়েছে।’ তাঁর দাবি, এসব ঘটনার প্রভাব দেশের অর্থনীতিতে পড়েছে।
বিদ্যুৎ ও গ্যাস সংকট নিয়েও কথা বলেন তিনি। তাঁর অভিযোগ, দীর্ঘদিন দেশের জ্বালানি খাতে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হয়নি এবং বিদ্যুৎ সরবরাহে একটি প্রতিবেশী দেশের ওপর অতিরিক্ত নির্ভরতা তৈরি হয়েছিল।
দেশীয় গ্যাস অনুসন্ধানের বিষয়ে তিনি বলেন, বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পর প্রায় ৩৩টি কূপ খননের কাজ শুরু হয়েছে। পাশাপাশি আরও ১৫০ থেকে ১৫৫টি কূপ খননের জন্য বাজেট দেওয়া হয়েছে। এরই মধ্যে কয়েকটি কূপে গ্যাসের সন্ধান পাওয়ার কথাও জানান তিনি।
বঙ্গোপসাগরের প্রাকৃতিক সম্পদ কাজে লাগানোর ওপর গুরুত্ব দিয়ে এমপি আবুল খায়ের বলেন, বিদেশ থেকে ব্যয়বহুলভাবে বিদ্যুৎ আমদানির পরিবর্তে দেশের নিজস্ব জ্বালানি ও প্রাকৃতিক সম্পদের সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করতে হবে।
নবীন শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, ‘আগামী বাংলাদেশ তোমরাই।’ প্রযুক্তিনির্ভর ও জ্ঞানভিত্তিক শিক্ষায় তরুণ প্রজন্মকে দক্ষ করে গড়ে তুলতে পারলে দেশের বিভিন্ন সমস্যা সমাধানে তারা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবে বলেও মন্তব্য করেন তিনি।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পানিসম্পদমন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি। উদ্বোধক ছিলেন সংসদ সদস্য মো. আবুল খায়ের ভূঁইয়া।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রায়পুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহেদী হাসান কাউছার ও রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিজাম উদ্দিন ভূঁইয়া।
প্রতিষ্ঠাতা প্রফেসর কাজী ফারুকীর একমাত্র পুত্র, শিশু সার্জারি বিশেষজ্ঞ ও প্রফেসর ডা. কাজী মো. নূর-উল ফেরদৌসের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন রায়পুর উপজেলা বিএনপির সভাপতি জেড এম নজমুল ইসলাম মিঠু, সাধারণ সম্পাদক শফিকুর রহমান ভূঁইয়া, প্রফেসর কাজী ফারুকী কল্যাণ ট্রাস্টের ভাইস চেয়ারম্যান মিজানুর রহমান ভূঁইয়া, কলেজের অধ্যক্ষ নূরুল আমিন, ইনস্টিটিউটের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ইঞ্জিনিয়ার কাজী রাসেল, বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাইফুল ইসলাম, কাজী ফারুকী শিশু কাননের প্রধান শিক্ষক শফিউল আলম টিপুসহ শিক্ষক, শিক্ষার্থী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
ভোরের আকাশ/সু.পা