সান্তাহারে ট্রেনের বগি লাইনচ্যুত, উত্তরবঙ্গে রেল যোগাযোগ বন্ধ

বগুড়ার সান্তাহারে কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেনের একটি মালবাহী বগি লাইনচ্যুত হয়েছে । এ ঘটনায় কোনো যাত্রী আহত হওয়ার খবর পাওয়া যায়নি। তবে বগি লাইনচ্যুত হওয়ায় ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের ট্রেন চলাচল সাময়িক ভাবে বন্ধ রয়েছে। এতে চরম ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা ।
সোমবার (৭ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে কুড়িগ্রাম থেকে ঢাকাগামী কুড়িগ্রাম এক্সপ্রেসের মালবাহী বগিটি সান্তাহার রেলওয়ে জংশন স্টেশন এলাকার প্রধান রেলগেটের কাছে লাইনচ্যুত হয়।
এ ঘটনায় যশোর-পার্বতীপুর রুটে ট্রেন চলাচলও সাময়িক ভাবে বন্ধ রাখা হয়েছে । তবে ওই রুটের কয়েকটি ট্রেন বিভিন্ন স্টেশনে আটকা পড়েছে ।
এবিষয়ে সান্তাহার স্টেশন মাস্টার খাদিজা খাতুন জানান, লাইনচ্যুত মালবাহী বগিটি সরিয়ে নেওয়ার আগে আপাতত সেটি রেখেই ট্রেন চলাচল স্বাভাবিক করার চেষ্টা করা হচ্ছে । পরে বগিটি উদ্ধারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে ।
ভোরের আকাশ/ইউএম